চিত্রনায়িকা মিষ্টিকে ‘হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি’তে জিডি
চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা।
বৃহস্পতিবার সকালে এই চিত্রনায়িকার মা পারভিন আক্তার বাদী হয়ে জিডিটি করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রমনা থানার এসআই মোশাররফ হোসেন।
‘শুভ’ নামধারী একজন বিশেষ একটি ‘রাজনৈতিক দলের কর্মী’ পরিচয় দিয়ে গত এক মাস ধরে মিষ্টির ব্যক্তিগত মোবাইল ফোনে চাঁদা চেয়ে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে অভিযোগ ‘চিনিবিবি’ সিনেমার জন্য পরিচিত এই নায়িকা।
মিষ্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক মাস ধরে আমাকে ফোন করে চাঁদা চাইছে শুভ। সে বলছে, সে রাজনীতি করে।
“আমি বিরক্ত হয়ে নম্বর বদলাই। কিন্তু তারপরও উৎপাত থেমে নেই। আমার ফোন নম্বর জোগাড় করে সে আবারও ফোন দিচ্ছে। এবার সে আমার আত্মীয়স্বজন ও বন্ধুদের মোবাইলেও ফোন দিচ্ছে।”
চাঁদার দাবিতে হুমকি দেওয়া শুভকে চেনেন না বলে জানান বাংলা সিনেমার হালের এই নায়িকা।
“আমি জানি না এই শুভ কে? এফডিসির কেউ হতে পারে, আবার অন্য কেউ হতে পারে। আমার মনে হচ্ছে, আমাকে অনেকদিন ধরে চেনে জানে এমন কেউ এ কাজটি করছে। আমার গতিবিধি নজর রাখছে প্রতিনিয়ত।”
এ ঘটনায় মিষ্টি মায়ের দায়ের করা জিডির অভিযোগ তদন্ত করছেন রমনা থানার এসআই মোশাররফ হোসেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু জানাতে চাননা এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “ব্যাপারটি অত্যন্ত গোপনীয়। এ ব্যাপারে কিছু বলা যাবে না।”
তবে বৃহস্পতিবারের মধ্যে ঘটনার তদন্তে কোনো অগ্রগতি না দেখলে শুক্রবার রমনা থানায় মামলা দায়ের করবেন বলে জানান চিত্রনায়িকা মিষ্টি।
মিষ্টি এখন যৌথ প্রযোজনার ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’ ও ‘আমার প্রেম তুমি’ সিনেমাতে অভিনয় করছেন। দুটি সিনেমাতেই মিষ্টির নায়ক টালিগঞ্জের অভিনেতা সোহম।
এছাড়া সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমাতে চিত্রনায়ক সায়মনের বিপরীতেও অভিনয় করছেন মিষ্টি।
