২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিমান অবতরণে দেরি তদন্তে দুটি কমিটি

সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের অবতরণে দেরির কারণ অনুসন্ধানে দুটি কমিটি হয়েছে, প্রত্যাহার করা হয়েছে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের এক কর্মীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 10:23 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে মঙ্গলবার দেশে ফেরেন শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণে ১৫ মিনিট দেরি হয়।

বেসামরিক বিমান চলাচল ও পর্যট্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই সময়ই এয়ারট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর কামরুলকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে বলে জানান তিনি।

“উড়োজাহাজটির অপারেশনাল কোনো সমস্যা ছিল কি না, তা তদন্তে হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।”

এছাড়া বিমানবন্দরের রানওয়েতে কোনো সমস্যা ছিল কি না বা সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন কোনো কিছুর অস্তিত্ব ছিল কি না, তা তদন্ত করতে বেবিচকের ফ্লাইট সেইফটি বিভাগের পরিচালক জিয়াউল কবিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

দুই তদন্ত কমিটিতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালনকারী সংস্থা এসএসএফের একজন করে ঊর্ধতন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

Image
সৌদি আরব থেকে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌদি আরব থেকে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করতে ১৫ থেকে ১৭ মিনিট বিলম্ব হয়।

“ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিলম্ব কেন হয়েছে, সেটি তদন্ত করে বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়া হবে।”

বেবিচক ছাড়াও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সন ও বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাটি তদন্ত করছে বলে জানান বিমানবন্দর পরিচালক।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শাহজালালে অবতরণকারী ওই বিমানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানাসহ কয়েকজন স্বজন ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনও ছিলেন বিমানে।

এছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যব্সায়ী প্রতিনিধি দলের সদস্য ও সাংবাদিকরাও ছিলেন ওই বিমানে।