২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার বিরুদ্ধে অধিকতর তদন্তের প্রতিবেদন জমার সময় বাড়ল

রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের দুর্নীতি মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুলাই পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ আতোয়ার রহমান এ দিন ধার্য করেন।

এ নিয়ে মামলায় দ্বিতীয়বারের মত প্রতিবেদন দাখিলের সময় পেছাল।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন না আসায় বিচারক নতুন করে সময় দেন বলে জানান আদালতের পিপি শাহীন আহমেদ খান।

মামলার নথি থেকে জানা যায়, সোহেল রানা ও তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম রানা প্লাজা নামে সাভারে একটি বিপণিকেন্দ্র নির্মাণের জন্য তন্ময় হাউজিং লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে ভবনের দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার পর সোহেল রানা ওই প্রতিষ্ঠানকে বিদায় করে দেন।

পরে নিজেরাই ছয়তলা পর্যন্ত নির্মাণ করেন। বাণিজ্যিক ভবন হিসেবে সেখানে পোশাকের কারখানা স্থাপন করা হয়। এরপর ছয়তলাভিত্তির এ ভবনকে ১০তলা করতে সাভার পৌরসভার অনুমোদন নিয়ে নয়তলা পর্যন্ত কাজ শেষ করা হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে রানা প্লাজা। দেশের ইতিহাসে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় হাজারো মানুষ নিহত হন। আহত ও পঙ্গু হয়ে যান প্রায় দুই হাজার মানুষ।

ওই ধসের পর দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় সাভার থানায় মামলাটি করেন।

২০১৪ সালের ১৬ জুলাই ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ভবনমালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

পুরনো খবর:

রানা প্লাজা ধস: হত্যামামলার অভিযোগের শুনানি ফের পেছালো