২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধস: হত্যামামলার অভিযোগের শুনানি ফের পেছালো

আসামিপক্ষের আবেদনে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 05:58 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান রোববার নির্ধারিত দিনে শুনানি পিছিয়ে ১৩ জুন দিন ঠিক করে দেন।

মামলার নথিপত্রের সত্যায়িত অনুলিপি হাতে না পাওয়ার কথা বলে আসামিপক্ষের শুনানি পেছানোর আবেদন করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খন্দকার আব্দুল মান্নান জানিয়েছেন।

এই মামলায় কারাগারে থাকা রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ছয় আসামিকে রোববার আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ২৩ আসামিও আদালতে হাজির ছিলেন। এই মামলার ১২ আসামি পলাতক রয়েছে।

রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত আইনে করা মামলায় ২৬ মে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগ গঠন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এই ঘটনায় হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় গত বছরের ১ জুন ওই ভবনের মালিক সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন।

২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় হাজারো মানুষ নিহত হন। আহত ও পঙ্গু হয়ে যান প্রায় দুই হাজার মানুষ।