২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবছরই প্রাথমিক সমাপনী বাতিলের দাবিতে মানববন্ধন

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও চলতি বছর থেকেই এর বাস্তবায়ন চেয়েছেন একদল অভিভাবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 04:44 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

উঠে যাচ্ছে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা
অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক

বুধবার এ দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা। প্রতিষ্ঠানের ফটকের সামনে এ মানববন্ধনে শতাধিক অবিভাবক অংশ নেন।

গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর ৩১ মে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সে সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানিয়েছিলেন, যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হয়েছে, তাই এটি বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভা থেকেই নেওয়া হবে।

চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “চেষ্টা করছি কত দ্রুত এটা (একটি সমাপনী পরীক্ষা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত) করতে পারি।

“এখনও ছয় মাস সময় আছে। এ বছরই যেন বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করব। এখন থেকে প্রস্তুতি নিলে এটা বাস্তবায়ন করতে পারব।”

এবারের প্রাথমিক সমাপনীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হলে ক্ষুদে শিক্ষার্থীদের অনিশ্চয়তায় পড়ার কথা মন্ত্রীকে বলা হলে তিনি বলেন, “ক্লাস ফাইভের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেই পরীক্ষা না হলে তো কোনো ক্ষতি নেই, ভালো হয়ে তৈরি তো হবে।”

মানববন্ধনে অভিভাবকদের এই আন্দোলনের আহ্বায়ক সালমা আক্তার বলেন, “আমরা সব সময় বাচ্চাদের নিয়ে চিন্তায় থাকি। এই সিদ্ধান্তে বাচ্চারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই পরীক্ষার জন্য তাদেরকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়, যার ফলে তাদের ওপর মানসিক টর্চার চলে। রমজান মাসেও তাদেরকে নিয়ে প্রতিদিন কোচিং করাতে হচ্ছে।

“এই সার্টিফিকেটের যদি কোনো মূল্যায়নই না থাকে তবে এই বছর কেন আমাদের বাচ্চারা পরীক্ষা দেবে। ২০১৬ সালের পরীক্ষা বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”  

অভিভাবক মুন্নি আক্তার বলেন, “আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই, দ্রুত ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করুন। অন্যথায় আমরা লাগাতার আন্দোলনে যাব।”  

মানববন্ধনে আরও কয়েকজন অভিভাবকও বক্তব্য দেন।