ঢাকায় ‘দখলদার’ ১৪ দোকানের লাইসেন্স বাতিল
রোজা শুরুর একদিন আগে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে নগর কর্তৃপক্ষ।
সোমবার এই অভিযানে খিলগাঁও তালতলা মার্কেট ও কারওয়ান বাজারে অভিযান চালায় ডিএনসিসির আঞ্চলিক প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত।
এ সময় খিলগাঁওয়ে অবৈধ দখলে থাকা ১৪টি দোকানের লাইসেন্স বাতিলসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। জরিমানা করা হয় ১৫টি প্রতিষ্ঠানকে।
খিলগাঁও এলাকায় অভিযানের নেতৃত্বে দেওয়া ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুল ইসলাম জানান, তালতলা মার্কেট ও সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে মার্কেটের ভিতরের চলার পথে রাখা সব মালামাল অপসারণ করা হয়েছে এবং অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে।
এসময় ১৪টি দোকানের লাইসেন্স বাতিল করার পাশাপাশি এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করার কথাও জানান তিনি।
ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান জানান, কারওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সাহায্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় ১৪টি প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার দুইশ টাকা জরিমানা করা হয়। কিছু অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক এলাকায় গড়ে ওঠা দোকানগুলোকে কেন্দ্রে করে অবৈধ দখলের বিরুদ্ধে তিন মাস আগেই সতর্ক করেছিলেন মেয়র আনিসুল হক।
