সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ার পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকার ফলে দেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।”
দেশের জনগণ ও দেশে অবস্থানরত বিদেশিরা সুষ্ঠুভাবে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, “সব ধরনের জঙ্গিবাদ, নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ও হুকুমদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।”
ইতোপূর্বে জঙ্গি, সন্ত্রাসী, নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যকলাপে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যহত রয়েছে জানিয়ে তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীসহ সব অপরাধীদের কর্মকাণ্ড রোধে তাদের যোগানদাতা ও অর্থের উৎস সন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রোববার সকালে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের বাসা থেকে প্রথম শ্রেণি পড়ুয়া ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।
মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী জিইসি মোড়সংলগ্ন বেকারির দোকান ওয়েল ফুডের সামনে মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
১০ বছরে ভারত সীমান্তে ৫৯১ বাংলাদেশি খুন
সরকারির দলের সদস্য আয়েন উদ্দিনের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থাপিত তথ্যে দেখা গেছে, গত ১০ বছরে ভারত সীমান্তে মোট ৫৯১ জন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে বিএসএএফ’র হাতে ৪৯৩ জন ও ভারতীয় নাগরিকের হাতে ৯৮ জন।
‘রোহিঙ্গাদের কারণে ভাবমূর্তি নষ্টের শঙ্কা কমেছে’
এম এ মালেকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, “অনেক আগে থেকেই রোহিঙ্গারা বাংলাদেশসহ বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে প্রবেশ করেছেন।
“অতীতে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেসব রোহিঙ্গা সৌদি আরব গিয়েছিলেন তাদের অধিকাংশই বর্তমানে বার্মিজ নাগরিক হিসেবে সৌদি সরকারের দলিলভুক্ত হয়েছেন। ফলে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা বর্তমানে অনেক কমে গেছে।”
সৌদি আরব সফররত পররাষ্ট্রমন্ত্রীর উত্তর অধিবেশনে উপস্থাপিত হয়।
তিনি জানান, ওমরাহ ভিসায় সাম্প্রতিককালে যেসব রোহিঙ্গা বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে অবৈধভাবে অবস্থান করছেন তাদের প্রত্যাবাসন বিষয়ে যে জটিলতা রয়েছে তা নিরসনে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তবে কোনো ব্যক্তি দূতাবাসে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট গ্রহণের আবেদনকালে রোহিঙ্গা প্রমাণ হলে তার পাসপোর্ট বাজেয়াপ্তসহ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব সাধারণ ক্ষমা ও ইকামা পরিবর্তনে সুযোগ দেওয়ায় বাংলাদেশের ৮ লাখ নাগরিক উপকৃত হয়েছেন। ওমান ও বাহরাইন সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় লক্ষাধিক বাংলাদেশি উপকৃত হয়েছেন।
