ত্রাণ নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’র নিয়ে যাওয়া ১০৫ টন ত্রাণ সামগ্রী সোমবার শ্রীলঙ্কা সরকারকে হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধসের কারণে ব্যাপক ক্ষতি হয় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে।
বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ নিয়ে বঙ্গবন্ধু রোববার সকালে কলম্বো পৌঁছায়। পরে বাংলাদেশের হাইকমিশনার মো. তারিক আহসান শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এস মিয়ানাওয়ালার কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিবেশী দেশটিতে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, জীবন রক্ষাকারী ওষুধ, বস্ত্র, তাঁবু, জেনারেটর, পানি বিশুদ্ধকরণ যন্ত্র ইত্যাদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গত ৩১ মে নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু এই ত্রাণ সামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়েছিল।
