২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় ১৬% বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

নতুন অর্থবছরের বাজেটে শিক্ষাখাতের সঙ্গে তথ্য-প্রযুক্তিকে যুক্ত করাকে ‘শুভঙ্করের ফাঁকি’ আখ্যায়িত করে বাজেটে শিক্ষাখাতে আলাদাভাবে ১৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূলক ফটকে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি লাকী আক্তার বলেন, “বিগত বাজেটগুলোয় শিক্ষাখাতকে উপেক্ষিত করা হয়েছে। এবার শিক্ষাখাতের সাথে তথ্য প্রযুক্তিকে যুক্ত করা হয়েছে, যা শুভঙ্করের ফাঁকির মতো।

“সরকারের প্রতি দাবি জানাচ্ছি, শিক্ষাখাতে ২০২১ সালের মধ্যে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য পূরণে এবার শিক্ষাখাতে স্বতন্ত্রভাবে বাজেটের ১৬ শতাংশ বরাদ্দ দিতে হবে। এতে তথ্য-প্রযুক্তিকে যুক্ত না করে প্রয়োজনে অন্য খাতের সাথে যুক্ত করুন।”

ইংরেজি মাধ্যমের স্কুলে আরোপিত শিক্ষা ভ্যাট বাতিলেও দাবি জানান লাকী আক্তার।

একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেন, এ লক্ষ্যে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২০ শতাংশ এবছর জাতীয়করণ করতে হবে। ২০২১ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করতে হবে।”

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের আহ্বায়ক সুমন সেনগুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশের আগে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।