ঢাকার জেল সুপারকে আদালতে তলব
জামিননামা কারাগারে পৌঁছানোর পরও এক মামলার তিন আসামির মুক্তি না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে ঢাকার কারাধ্যক্ষকে তলব করেছে হাই কোর্ট।
আগামী ৯ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টের সঙ্গে অ্যাডভোকেট অন রেকর্ডকেও হাজির হতে হবে হাই কোর্টে।
জামিন পাওয়া ওই তিনজনের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেয়।
মামলার বিবরণে জানা যায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ২ জানুয়ারি রামপুরা থানায় একটি মামলা হয়। ঘটনাস্থল থেকে ওইদিন গিয়াসউদ্দিন, আমিনুর রহমান, ওসমান গণি, আবুল হাশেম ও শাহাদাতুর রহমান ওরফে সোহেল গ্রেপ্তার হন।
এ মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর পাঁচ আসামি উচ্চ আদালতে আবেদন করেন। ৮ মে হাই কোর্ট ওই পাঁচ জনকে ছয় মাসের জামিন দেয়।
আসামিপক্ষের এক আইনজীবী জানান, উচ্চ আদালতের জামিন আদেশের পর জামিননামা ১৬ মে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে। এরপর ১৮ মে আবুল হাশেম ও শাহাদাতুর মুক্তি পেলেও অন্য তিনজন মুক্তি পাননি।
তখন তিনজনের ক্ষেত্রে ৮ মে হাই কোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে গত সপ্তাহে সম্পূরক আবেদন করা হয়, যার ওপর শুনানি নিয়ে রোববার আদালত তলবের আদেশ দেয়।
আদালতে তিনজনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল আমিন ভূইয়া, আদিলুর রহমান খান শুভ্র ও মো. ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন ৯ মে একটি সার্টিফিকেট ইস্যু করেন; যাতে বলা হয়, রাষ্ট্রপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
“আসামিদের জামিননামা ১৬ মে কারাগারে পৌঁছে। তবে অ্যাডভোকেট অন রেকর্ডের নোটিসের আলোকে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়নি।”
রাষ্ট্রপক্ষ এখনও আপিল বিভাগে কোনো আবেদন করেননি জানিয়ে আসামিপক্ষের এই আইনজীবী বলেন, “ফলে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।
“একজন অ্যাডভোকেট অন রেকর্ডের সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ আসামিদের জামিননামা পাওয়ার পরও মুক্তি না দেওয়া আইন বহির্ভূত বলে শুনানিতে বলা হয়।”
