২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার উত্তরায় বৃদ্ধা ও যুবক খুন

রাজধানীর উত্তরায় ষাটোর্ধ্ব এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শনিবার মধ্যরাতে মনোয়ারা সুলতানা (৬৪) নামের ওই নারীর লাশ তার শোবার ঘর থেকে উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা আগে ইকবাল হোসেন (২২) নামের যুবকের লাশ পাওয়া যায় নির্মাণাধীন একটি বাড়ির চতুর্থ তলায়।

দুইজনকেই হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উত্তরা পশ্চিম থানার এসআই মামুন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে বৃদ্ধা মনোয়ারার মৃতদেহ উদ্ধার করা হয়।

মনোয়ার ছেলে খালেদ বিন ইউসুফ থাকেন পুরান ঢাকায়।

খালেদের বরাত দিয়ে এসআই মামুন জানান, মনোয়ারা ফ্ল্যাটে একাই থাকতেন।

“মায়ের সঙ্গে খালেদের নিয়মিতই যোগাযোগ হয়। শনিবার সন্ধ্যার পর থেকে ফোনে না পাওয়ায় সন্দেহ হলে বাসায় গিয়ে দরজা বন্ধ পান তিনি। রাত ১টার দিকে খালেদ থানায় এসে পুলিশের সাহায্য চান।

“পরে পুলিশ তার সঙ্গে গিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙ্গে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।”

মনোয়ারার মুখ, ঠোঁট, গলাসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত ক্ষতচিহ্ন এবং ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো পাওয়া গেছে বলে জানান এসআই মামুন মিয়া।

“জানালা বা দরজা ভাঙ্গা পাওয়া যায়নি, হত্যাকাণ্ড ঘটিয়ে বাইরে থেকে দরজা লক করে দেওয়া হয়েছে।”

বাসা ভাড়া নেওয়ার নাম করে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি জানান।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ১০ নম্বর নির্মাণাধীন বাড়ীর চারতলা থেকে ইকবালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

থানার এসআই হেদায়েত মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইকবালের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং গলায় গামছা পেঁচানো ছিল।

“ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা ইকবালের পরিচয় নিশ্চিত করে।”

তিনি জানান, একটি রাবার কোম্পানির কর্মী ইকবালের বাড়ী তুরাগ থানা এলাকার কামারপাড়ায়।