নির্বাহী বিভাগের সঙ্গে সম্পর্ক খুব ভালো: প্রধান বিচারপতি
নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক খুব ভালো বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
রোববার সুপ্রিম কোর্ট ও তিন নেতার মাজার সংলগ্ন ‘ন্যায় সরণী-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “খুব ভালো, খুব ভালো … ।”
সুপ্রিম কোর্টে আইনজীবী ও বিচারক সবাই সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এই রাস্তা করা হয়েছে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের সুবিধার জন্য, বিচারকদের জন্য নয়।
এক মামলায় উচ্চ আদালত সড়ক ভবন ও শিশু একাডেমীর জায়গাকে সুপ্রিম কোর্টের সম্পত্তি বলে ঘোষণা করে। সড়ক ভবন ওই জায়গা সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিলেও শিশু একাডেমী দেয়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতি সিনহা বলেন, “আইন মোতাবেক সব হবে। বাড়াবাড়ি করছি না।”
প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সুপ্রিম কোর্টে কোনো সমস্যা নেই। যখন যা চাই, তা পাই। তবে নিম্ন আদালতে প্রবলেম আছে।
চলতি বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৫২০ কোটি এবং সুপ্রিম কোর্টের জন্য ১৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল এক হাজার ৪৫ কোটি ও সুপ্রিম কোর্টের জন্য ১১২ কোটি টাকা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ উপস্থিত ছিলেন।
হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুপ্রিম কোর্টের উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সড়কটি করেছে গণপূর্ত বিভাগ।
এ রাস্তা দিয়ে সুপ্রিম কোর্ট থেকে তিন নেতার মাজারের পাশ দিয়ে ঢাকা বিশ্বাবিদ্যালয়ে পুষ্টি বিজ্ঞান ভবন ও বাংলা একাডেমির সামনের রাস্তায় যাতায়াত করা যাবে।
এই সংযোগ সড়ক হওয়ার ফলে দোয়েল চত্বর এলাকায় যানজট অনেংকাশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
