ভারতীয় ভিসা ক্যাম্প শুরু
ঈদকে সামনে রেখে ভ্রমণ সহজ করতে ভিসা ক্যাম্প শুরু করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন।
শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানীর বারিধারায় হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনে ‘ঈদ ভিসা ক্যাম্প’ নামে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এই ক্যাম্পের মাধ্যমে আগে থেকে সাক্ষাতের সময় ঠিক না করেই আগামী ১৫ জুন পর্যন্ত ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে।
এ ধরনের ক্যাম্প কার্যক্রমকে স্বাগত জানিয়ে উদ্বোধনীতে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “আমি এ ধরনের চেষ্টাকে সাধুবাদ জানাই। এটা মানুষে মানুষে যোগাযোগকে আরও দৃঢ় করবে।”
উদ্বোধনীতে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই ক্যাম্প চালু করাকে ভারতীয় হাই কমিশনের ‘সাহসী পদক্ষেপ’ বলে মন্তব্য করেন।
ক্যাম্প ব্যবস্থাপনার দায়িত্বে থাকা হাই কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে উদ্বোধনের সময়ই প্রায় ছয় হাজার আবেদনকারীকে লাইনে দাঁড়াতে দেখা যায়।
এর মধ্যে সাভার থেকে এসে লাইনের প্রথমদিকে দাঁড়িয়েছেন ইমাম মারুফ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি ঈদের ছুটিতে ভারত যাওয়ার পরিকল্পনা করেছেন।
মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কাল (শুক্রবার) সন্ধ্যায় এখানে এসেছিলাম। যখন এই ক্যাম্প সম্পর্কে শুনলাম, ভাবলাম তেমন ভিড় হবে না। কিন্তু এখন দেখছি ব্যাপক ভিড়।”
গত বছরে এক মিলিয়নের বেশি বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন, যা দেশটিতে ওই বছরের ভ্রমণকারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ভারতের ভিসার জন্য আবেদন করতে সারা দেশে ১১টি ভারতীয় ভিসা কেন্দ্র রয়েছে। ক্যাম্প চলাকালীন সময়ে ভিসা কেন্দ্রগুলোও খোলা থাকবে বলে জানিয়েছে হাই কমিশন।
বাংলাদেশিরা সাধারণত চিকিৎসা থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত বিভিন্ন কারণে ভারত ভ্রমণে যায়। এছাড়া পড়াশুনার কারণেও অনেকের ভারতে যাতায়াত রয়েছে।
ক্যাম্পের বিষয়ে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “এটা আমাদের ইউনিক সম্পর্কের কারণে।”
ঈদের ছুটিতে বাংলাদেশিরা ভারত ভ্রমণে আগ্রহী জেনেই প্রথমবারের মতো এই ভিসা ক্যাম্পের আয়োজন বলেও জানান হাই কমিশনার শ্রিংলা।
ক্যাম্পে র্যাফল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন বিমান টিকেট, স্ন্যাক্স রয়েছে।
হাই কমিশন থেকে জানানো হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী যে কোনো বাংলাদেশির জন্য ক্যাম্প উন্মুক্ত।
আবেদনকারীকে নিজে হাজির হয়ে ভিসার আবেদন জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণ করতে ইচ্ছুক পরিবারের এমন কোনো সদস্যদের পক্ষে আবেদন জমা দেওয়া যাবে।
আবেদন করার দিন থেকে পরবর্তী ছয় মাসের জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ এবং তাতে দুটি পাতা খালি থাকতে হবে।
ভিসা প্রক্রিয়াকরণ ফি হিসেবে জনপ্রতি ৬০০ টাকা কেটে নেওয়া হবে। এছাড়া আর কোনো ভিসা ফি নেই।
ভিসা ইস্যু করতে এছাড়া আর কোনো অনুমোদিত এজেন্ট বা মধ্যবর্তী কেউ নেই বলে জানিয়ে ভিসা পেতে কারও সঙ্গে লেনদেন না করতে পরামর্শ দিয়ে ঢাকার ভারতীয় হাই কমিশন।
হাই কমিশনের ফেইসবুক পেইজ থেকে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।
