নিবেদিতা হোস্টেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছেন রাজধানীর মনিপুরি পাড়ায় অবস্থিত নিবেদিতা মহিলা হোস্টেলের বাসিন্দারা।
বুধবার রাতে হোস্টেলের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন বলে জানান তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হোস্টেল কর্তৃপক্ষ হঠাৎ রুম প্রতি পাঁচশ টাকা করে ভাড়া বাড়িয়ে দেয়। এর প্রতিবাদে বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন।
চাকরীজীবী ও শিক্ষার্থীরা হোস্টেলটিতে থাকেন জানিয়ে হাসান নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রাত সাড়ে ১১টার দিকে হোস্টেলের ভেতরে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে কিছু বাসিন্দা হোস্টেল থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।
গভীররাতেও বিক্ষোভ চলার কথা জানিয়ে লুনা নামের হোস্টেলের এক বাসিন্দা বলেন, সেখানকার খাবারের মান ভালো নয়; পানিও নোংরা। এমন পরিস্থিতিতে রোজায় বাড়তি টাকা নেওয়া হবে। তাই তাদের এই বিক্ষোভ।
ওসি মাযহারুল বলেন, মনিপুরী পাড়ার গলির ভেতরের এই হোস্টেলের সামনেও অবস্থান নেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভাড়া বৃদ্ধি না করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা হোস্টেলে ফিরে যান। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
