২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে নতুন ৭ বিভাগ হচ্ছে, ভাঙছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

তিনটি মন্ত্রণালয় ভেঙে নতুন করে সাতটি বিভাগ গঠনের লক্ষ্যে রাজস্ব খাতে নতুন পদ সৃষ্টিতে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 07:13 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙে ‘জননিরাপত্তা’ বিভাগ এবং ‘সুরক্ষা সেবা’ বিভাগ গঠনে রাজস্ব খাতে ৪৯৩টি পদ সৃষ্টিতে সম্মতি দিয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভেঙে নতুন পাঁচটি বিভাগ গঠনের জন্য রাজস্ব খাতে পদ সৃষ্টিতে এর আগেই সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় ভেঙে ‘উচ্চশিক্ষা’, ‘মাধ্যমিক শিক্ষা’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা’ বিভাগ গঠন করা হবে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় ভেঙে হচ্ছে ‘স্বাস্থ্য সেবা, এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ’ বিভাগ।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় ভেঙে বিশ্ববিদ্যালয় এবং অনার্স, মাস্টার্স ও ডিগ্রি কলেজগুলো নিয়ে হবে ‘উচ্চশিক্ষা’ বিভাগ।

প্রাথমিক শিক্ষার পর থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থার জন্য গঠন করা হবে ‘মাধ্যমিক শিক্ষা’ বিভাগ।

আর সব মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে হবে ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা’ বিভাগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙে নতুন করে ‘জননিরাপত্তা’ বিভাগ গঠন করে সেখানে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন শাখাকে রাখা হবে।

আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন শাখা।

স্বাস্থ্য সেবা বিভাগে থাকবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (মেডিকেল কলেজ, সব হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক), স্বাস্থ্য অধিদপ্তর, সেবা পরিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, নিমিউ অ্যান্ড টিসি ও টেমো।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে থাকবে মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান। এছাড়া নার্সিং কলেজ ও ইনস্টিটিউট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক বোর্ড।

নতুন বিভাগের জন্য পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির পর এখন তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে যাবে।

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি নতুন বিভাগ গঠন ও জনবল সংক্রান্ত বিষয়ে সম্মতি দিলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় তোলা হবে।

মন্ত্রিসভায় পাসের পর নতুন বিভাগ গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, তিনটি মন্ত্রণালয় ভেঙে নতুন করে সাতটি বিভাগ গঠিত হলে প্রতিটি বিভাগে একজন করে সচিব দায়িত্ব পালন করবেন।

“সরকার চাইলে নতুন বিভাগে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নিয়োগ দিতে পারে।”

বাংলাদেশে বর্তমানে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়ের সংখ্যা ৩৯টি এবং বিভাগ ২২টি। এসব মন্ত্রণালয় ও বিভাগে জ্যেষ্ঠ সচিব ও সচিব হিসেবে ৭৪ জন কর্মরত আছেন।

নতুন করে আরও সাতটি বিভাগ গঠিত হলে সরকারের মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ২৯টি।