২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন শুক্রবার

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 06:46 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, ৩ জুন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে জেদ্দা যাবেন প্রধানমন্ত্রী। রাতেই মক্কায় ওমরা পালন করবেন তিনি।

এরপর ৫ জুন সৌদি বাদশার সঙ্গে জেদ্দার রাজকীয় প্রাসাদে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ৬ জুন তিনি মহানবীর রওজা শরীফ জিয়ারতের জন্য মদিনা যাবেন।

সৌদি আরব সফরে প্রধানমন্ত্রী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ আলী বলেন, সৌদি আরবে বাংলাদেশিদের শ্রম বাজার সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে অধিক হারে সৌদি সহায়তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা এবং হজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই শীর্ষ নেতা মত বিনিময় করবেন।  এসব আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফরকালে সৌদির ডেপুটি ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী, অর্থমন্ত্রীসহ দেশটির নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

৭ জুন বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মদিনা থেকে সরাসরি ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিশেষ ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। ১০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও যাবে তার সঙ্গে।

প্রধানমন্ত্রীর এই সফর ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’, সাংস্কৃতিক সহযোগিতা এবং তথ্য-প্রযুক্তি খাতে চুক্তি বা সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা প্রকাশ করেন মাহমুদ আলী।

সৌদি আরবে বাংলাদেশি পুরুষ শ্রমিকদের ভিসা পুরোপুরি উন্মুক্ত হওয়ার ব্যাপারে সরকার কতটা আশাবাদী জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা যাই, আলোচনা হোক। তারপর দেখা যাবে।”

বাংলাদেশি নারী শ্রমিকরা সৌদি আরবে ‘নিগৃহীত হচ্ছে’ উল্লেখ করে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই জানেন, নারী শ্রমিকদের ব্যাপারে নতুন যে ব্যবস্থাটা হয়েছে, পিতা বা ভাই যেতে পারবে। সেখানে একই পরিবারে কাজ করতে পারবে। এটাতো শুরু হয়েছে। দেখা যাক, এটা কীভাবে কাজ করবে।”

বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর গত বছরের জানুয়ারিতে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের শীর্ষ পদে সালমান বিন আব্দুল আজিজ অধিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর হতে যাচ্ছে এটা।

গত মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালের এপ্রিলে সর্বশেষ সৌদি আরব সফর করেন তিনি।

ওই সফরের পর দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ইকামা পরিবর্তন এবং অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার মতো বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়।

‘জোটের দুটি ধারা, সহযোগিতা স্বেচ্ছাধীন’

সংবাদ সম্মেলনে সৌদি আরবের উদ্যোগে করা ৩৪টি দেশের জোট সম্পর্কে প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা ঠিক সামরিক জোট নয়। এটা হচ্ছে, টেরোরিজম এবং ভায়োলেন্ট এক্সট্রিমিজমের বিরুদ্ধে গঠিত একটি সেন্টার। এটার সদর দপ্তর রিয়াদে।

“এটা একটা ইভলভিং সিচুয়েশন। আমাকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, এখানে দুটো ট্র্যাক থাকবে, একটা হচ্ছে, পলিটিকাল অ্যান্ড সিকিউরিটি ট্র্যাক এবং মিলিটারি ট্র্যাক।”

প্রথমটি সম্পর্কে তিনি বলেন, সন্ত্রাস কীভাবে উদ্ভূত হচ্ছে, এটাকে কীভাবে মোকাবেলা করা যায়, রাজনৈতিকভাবে কীভাবে এটাকে সামাল দেওয়া যায়- তার কর্মপরিকল্পনা গ্রহণ করা। যে ৩৪টি দেশ এতে যোগ দিয়েছে, তাদের মধ্যে কীভাবে তথ্য বা যার যে সামর্থ্য আছে, তা কীভাবে ব্যবহার করা যায়- সে লক্ষ্যে কাজ করা।

“দ্বিতীয়টা হল, সেটাতে হচ্ছে, সন্ত্রাস একেক দেশে একেক রূপ নিচ্ছে। সেখানে যেমন, আফ্রিকাতে ওআইসির অনেক দেশের আছে, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী আছে। মালিতে ফ্রান্সের সৈন্য আছে। এসব জায়গায় কীভাবে সাহায্য করা যায়?”

অনেক দেশ আছে, যাদের হয়তো আইএস জঙ্গিদের মোকাবেলা করার সামর্থ্য নেই- একথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ওই দেশের একটা উপকরণ দরকার, তখন কে তাকে সেটা দিতে পারে, সে সরাসরি তাকে সেটা দিয়ে দেবে। তারপর হয়তো উপদেষ্টা দরকার, সাইবার সিকিউরিটিতে কীভাবে সাহায্য করা যায়, প্রযুক্তিগত সহায়তা কে করতে পারে ইত্যাদি।”

সহযোগিতার বিষয়টি ‘সম্পূর্ণ স্বেচ্ছামূলক’- উল্লেখ করে মাহমুদ আলী বলেন, “আপনার একটা সহযোগিতা করার সামর্থ্য আছে, সেটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এমনকি যে সভা হবে, সেই সভাতেও আপনি যেতে পারেন, নাও যেতে পারেন।

“সভাতে গিয়েও আপনি কোনো একটা বিষয়ে অংশ নিতেও পারেন, নাও নিতে পারেন। সবটাই হচ্ছে সংশ্লিষ্ট দেশের ইচ্ছাধীন। সামরিক জোটে সাহায্য চাইলে সেটা দিতে বাধ্যবাধকতা রয়েছে, এখানে সেটা নেই।”

‘পরিস্থিতি চাইলে সেনা পাঠাতে পারে বাংলাদেশ’

ভবিষ্যতে কোনো পরিস্থিতিতে সৌদি আরব চাইলে বাংলাদেশ সেনা পাঠাবে কি না- সংবাদ সম্মেলনে করা এমন প্রশ্নকে ‘হাইপোথিটিক্যাল’ আখ্যা দিয়ে ‘যখন আসবে তখন বিবেচনা’ করার কথা জানান মাহমুদ আলী।

পরক্ষণেই তিনি বলেন, “সাদ্দাম নেতৃত্বাধীন ইরাক যখন কুয়েত আক্রমণ করেছিল, তখন কিন্তু আমরা সৈন্য পাঠিয়েছিলাম।

“আমরা সৈন্য পাঠিয়েছিলাম সৌদি আরবে অবস্থিত পবিত্র দুই মসজিদ রক্ষার জন্য। কাজেই আমরা অতীতে এটা করেছি। ভবিষ্যতেও করতে পারি। আপাতত এইটুকুই। যখন সময় আসবে তখন আমরা দেখব।”

জোটের দুই দিকের মধ্যে বাংলাদেশ কোন দিকে অবদান রাখতে পারবে- এমন প্রশ্নে তিনি বলেন, “এটাতো ইভলবিং। এখনও তো এটা কাঠামোই পরিগ্রহ করেনি। কাঠামো, শেইপ নেয়নি। এখনও একেবারে ইনিশিয়াল স্টেজে আছে।

“কিছুদিন আগে সশস্ত্র বাহিনীর প্রধানদের একটা সম্মেলন হয়েছিল। সেখানে আমাদের সেনাপ্রধান গিয়েছিলেন। এখন পর্যন্ত এইটুকুই আছে। এটা ক্রম বিকাশমান। যখন হবে, তখন জানতে পারবেন। তখন বলব। আপাতত এর থেকে বেশি কিছু বলার নেই।”