ফাহিম মুনয়েমের মৃত্যুতে স্পিকারের শোক
মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক শোকবাণীতে স্পিকার বলেন, “সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সংবাদিককে হারালো। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
বুধবার ভোর সোয়া ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের বাসায় ফাহিম মুনয়েমের মৃত্যু হয়।
স্পিকার তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফাহিম মুনয়েমের মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং হুইপ আ স ম ফিরোজও শোক জানিয়েছেন।
