রোয়ানুর ধাক্কায় ভাসল উপকূল, প্রাণহানি-সম্পদের ক্ষয়ক্ষতি
ঘণ্টায় ৬২ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় রোয়ানুতে উপকূলের সাত জেলায় অন্তত ২৪ জনের মৃত্যুর পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
দ্বিতীয় ক্যাটাগরির এই ঝড়ের প্রভাবে শনিবার ভোর থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ঝরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বাতাসের তীব্রতা। দেড়টার দিকে চট্টগ্রাম উপকূল অতিক্রমের সময় ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে দেখা দেয় জলোচ্ছ্বাস, যাতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এরপরও ঝড়ের দাপট চলে আরও কয়েক ঘণ্টা।
ঝড়ে চট্টগ্রামে জলোচ্ছ্বাস ও গাছ-ঘর ভেঙে মা-ছেলেসহ ১২ জন, নোয়াখালীর হাতিয়ায় জোয়ারে ভেসে মা-মেয়েসহ তিনজন ও ফেনীর সোনাগাজীতে এক রাখাল, কক্সবাজারের কুতুবদিয়ায় চাপা পড়ে ও নৌকার ধাক্কায় তিনজন, পটুয়াখালীর দশমিনায় এক বৃদ্ধা এবং লক্ষ্মীপুর সদরে গাছ উপড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে মৃতের এই সংখ্যা ছাড়িয়ে গেছে গত তিন বছরে আঘাত হানা প্রায় একই শক্তির দুই ঘূর্ণিঝড় ‘কোমেন’ ও ‘মহাসেন’ এ মৃতের সংখ্যাকে। এর কারণ হিসেবে এবার পূর্ণিমায় ভরা জোয়ারের সময় ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার কথা বলছেন সংশ্লিষ্টরা।
গত বছরের জুলাইয়ে প্রায় একই শক্তির ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর আঘাতে চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর ২০১৩ সালের মে মাসে আঘাত হানা একই মাত্রার ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এ প্রাণ যায় ১২ জনের।
ঝড়ে পাণহানি ঠেকাতে না পারার পিছনে মানুষের দারিদ্র্যের কথাও বলছেন কেউ কেউ।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম উপকূল অতিক্রম করার সময় পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার চিত্র। ছবি: সুমন বাবু
ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামে বেড়ি বাঁধে আটকা পড়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী এই জাহাজ।
ঝড় সামনে রেখে আগের দিন বিকাল থেকে নৌযান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাতে শিথিলতা এনে শুধু বড় আকারের লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বিকাল থেকে।
ঝড়ে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় পেছানো হয়েছে এইচএসসি পরীক্ষা, রোববারের পরীক্ষা নেওয়া হয়েছে ২৭ মে।
বঙ্গোপসাগরে গত বুধবার গভীর রাতে সৃষ্ট মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদদের দেওয়া তথ্য মতে, প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসের এই ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ড ও ফেনী উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসে।
এতে পানিতে ভেসে, গাছচাপায় ও ইট পড়ে নগরীসহ জেলায় নারী-শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। এর মধ্যে বাঁশখালী উপজেলাতেই জলোচ্ছ্বাসে মারা গেছেন নারীসহ সাতজন।
ঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে চট্টগ্রামের চার উপকূলীয় উপজেলা সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা ও সীতাকুণ্ডে ১৫০ কোটি টাকার ফসল এবং মৎস্য ও পশুসম্পদের ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূল অতিক্রম করার সময় চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চিত্র। ছবি: সুমন বাবু
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন দোকানপাট। ছবি: সুমন বাবু
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন রাতে সাংবাদিকদের বলেন, বাঁশখালী উপজেলার গণ্ডামারা, ছনুয়া, খানকানাবাদ ইউনিয়ন; সন্দ্বীপের রহমতপুর, উড়ির চর, মগধরা, কালাপানিয়া ও সারিকাইত ইউনিয়নে সমুদ্রের পানি ঢুকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে ছনুয়া ইউনিয়ন পুরাই তলিয়ে গেছে।
বাঁশখালীর ৩০ কিলোমিটার এবং সন্দ্বীপের ২০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে নগরীর বন্দর টিলা, কাঠগড়, পতেঙ্গা, বিমান বন্দর সড়ক, হালিশহর, ডবলমুরিংসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক গাছ ভেঙে পড়ে, যাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। ঝড়ে কালভার্ট ভেঙেছে নগরীর পাহাড়তলি রেলওয়ে পুলিশ লাইন সংলগ্ন মূল সড়কের।
ঝড়ে তিনজন করে মারা গেছে নোয়াখালী, ভোলা ও কক্সবাজারে। একজন করে মৃত্যু হয়েছে ফেনী, লক্ষ্মীপুর ও পটুয়াখালীতে।
নোয়াখালীর হাতিয়ায় সকালে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারে ভেসে মৃত্যু হয় মা-মেয়েসহ তিনজনের।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’তে গাছ ভেঙে পড়ে ভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল বন্ধ। শনিবারের ছবি ।
ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের পতেঙ্গায় সড়কের উপরে ভেঙে পড়া গাছ সরাতে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সুমন বাবু
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ঘর ও দেয়াল চাপা এবং নৌকার ধাক্কায় তিনজনের মৃত্যু হয়।
ঝড়ে কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও টেকনাফ উপজেলার সাড়ে ২৮ কিলোমিটার বেড়ি বাঁধ কোথাও আংশিক ও কোথাও সর্ম্পূণ ধসে গেছে। এছাড়া শতাধিক বসত ঘর ক্ষতিগ্রস্ত এবং জেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
সকালে প্রবল ঝড়ো হাওয়ার মধ্যে পটুয়াখালী দশমিনা উপজেলার সদর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে ঘর ভেঙে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়। ঝড় উপকূলের দিকে এগিয়ে আসার মধ্যেই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এছাড়া দশমিনা ও গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন কয়েকটি বেড়িবাঁধ বিহীন চরে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে।ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় মেঘনার তীরবর্তী তিন উপজেলার অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।
তিন বছর আগে আঘাত হানা মহাসেনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছিল বরগুনায়। উপকূলীয় এই জেলায় এবার কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে প্লাবিত হয়েছে প্রায় অর্ধশত গ্রাম।
প্লাবন হয়েছে চাঁদপুর,ঝালকাঠি ও বাগেরহাটেও। চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।
ভারি বৃষ্টিপাতে ঝালকাঠির নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়ে বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত ও অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘূর্ণিঝড়টির গতিপথ পরিবর্তিত হওয়ায় বাগেরহাটে তেমন আঘাত না হলেও ভারি বৃষ্টিতে জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
