ঘূর্ণিঝড় রোয়ানুর সর্বশেষ
গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার তিন দিন পর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রোয়ানু; পরিণত হয়েছে স্থল নিম্নচাপে।
আবহাওয়ার বিশেষ বুলেটিন এবং আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এক নজরের জেনে নিন ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর।
# বাংলাদেশ অতিক্রম: শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ড এবং ফেনী উপকূল দিয়ে উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় রোয়ানু। মোটামুটি ৩০০ কিলোমিটার ব্যাসের এই ঘূর্ণিঝড় বৃষ্টি ঝরাতে ঝরাতে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ অঞ্চল পেরিয়ে যায়।
# শক্তি: আঘাত হানার সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
# অবস্থান: প্রচুর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সন্ধ্যায় সেটি অবস্থান করছিল ত্রিপুরা-মিজোরাম এলাকায়।
# সংকেত: ঝড় কেটে যাওয়ায় সমুদ্র বন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই ঝড়ের কারণে শুক্রবার চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল।
চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রোয়ানু। প্যাসিফিক ডিজাস্টার সেন্টারের অ্যাটলাস থেকে নেওয়া বিকাল সোয়া ৩টার চিত্র।
>> ঝড়ে চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলায় অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
>> উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসেপ্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।
>> ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে। বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
# সতর্কতা:
>> অতি ভারি বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও শঙ্কা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
>> সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
>> ঝড়ের প্রভাবে শনিবার ভোর থেকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে, ৬১ মিলিমিটার। রোয়ানুর বিপদ কাটলেও আরও দুই দিন দেশের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
# প্রভাব:
>> খারাপ আবহাওয়ার কারণে শুক্র ও শনিবার মংলা ও চট্টগ্রাম বন্দরের মালামাল খালাস বন্ধ থাকে। রোববার আবার শুরু হওয়ার কথা রয়েছে বন্দরের কার্যক্রম।
>> চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয় শনিবার সকাল ১০টায়। ২২ ঘণ্টা পর রোববার সকাল ৮টার পর আবারও বিমান ওঠানামা শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
>> বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ শুক্রবার বিকাল থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রেখেছিল। ঝড় সরে যাওয়ার পর শনিবার বিকাল থেকে বড় আকারের লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
>> ঝড় এগিয়ে আসায় চট্টগ্রামের দুটি ইপিজেডের সব কারখানায় শনিবার ছুটি ঘোষণা করা হয়।
>> উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় রোববারের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।এইচএসসিতে নির্ধারিত পরীক্ষাগুলো ২৭ মে এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো ২৪ মে হবে।
>> জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়া এলাকার পানি সরাতে একদল লোক বিকালে চট্টগ্রামের মহেশখালে নির্মিত বাঁধ কাটতে এলে গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় বিক্ষুব্ধদের ইটের আঘাতে চার পুলিশ আহত হন।
কোন সংকেতের কী মানে
>> ঝড়ের কারণে উপকূলীয় ১৪ জেলার সাত লাখ মানুষকে সাড়ে তিন হাজার আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল সরকার। বিপদ কেটে যাওয়ায় তারা বাড়ি ফিরতে শুরু করেছেন।
>> উদ্ধার ও ত্রাণ কাজে এসব জেলায় এক লাখ স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
# নাম: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা থেকে ক্রম অনুসারে ঠিক হয়েছে এবারের ঘূর্ণিঝড়ের নাম। রোয়ানু নামটি প্রস্তাব করেছিল মালদ্বীপ। স্থানীয় ভাষায় এর অর্থ নারকেলের ছোবড়ার দড়ি।
