চতুর্থ দিনে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
কর্মসংস্থান ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিসহ পাঁচ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল অ্যাসিসটেন্স ট্রেনিং স্কুলের (ম্যাটস) এর শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো প্রেস ক্লাবের সামনে বসেন কয়েকশ শিক্ষার্থী।
শিক্ষার্থীদের নেতা মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার বছর সময়, শ্রম ও অর্থ দিয়ে চিকিৎসা বিদ্যার গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করলেও বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাদের উচ্চ শিক্ষার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসলেও বিষয়টির সুরাহা হয়নি।
“একদিকে কর্মসংস্থানের অভাব অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অসংখ্য প্রতিষ্ঠানে মেডিকেল অ্যাসিসটেন্ট তৈরি করা হচ্ছে। ফলে শিক্ষার মান যেমন নষ্ট হচ্ছে, তেমনি কর্মসংস্থানও নষ্ট হচ্ছে।
“সে কারণে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র বোর্ড গঠনে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি।”
