২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম জালিয়াতি: বাংলাদেশ ছেড়েছে দুই বিদেশি

ঢাকার এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতির সন্দেহে গ্রেপ্তার চীনা নাগরিক জো জিয়ান হুইকে পুলিশ রিমান্ডে নিলেও আরও দুটি বুথ থেকে পাঁচ লাখ টাকা তুলে নেওয়া দুই বিদেশি ‘চলে গেছেন’ ধরাছোঁয়ার বাইরে।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 09:55 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

এটিএম বুথের ক্লোজ সার্কিট ক্যামেরায় ছবি আসা সন্দেহভাজন ওই দুই চীনা নাগরিক বৃহস্পতিবার সকালেই বাংলাদেশ ছেড়ে গেছে বলে নিশ্চিত হয়েছে র‌্যাব।

দুপুরে র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাহিনীর মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জো  জিয়ানকে আটকের পর নিউ মার্কেট থানার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনের মামলায় বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে ৩৮ বছর বয়সী এই চীনা নাগরিক এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের বুথে ঢোকেন। ভেতরে তার অনেকক্ষণ অবস্থানে সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মীরা বুথের দরজা আটকে দেন।

নিরাপত্তা কর্মীদের ভাষ্য, দুটি এটিএম কার্ড ব্যবহার করে পাঁচ দফায় মোট ৬৬ হাজার টাকা তুলেছিলেন জো জিয়ান। দরজা আটকানোর পর তার পরিচয় জানতে চাইলে পুরো টাকা তাদের দিয়ে দিতে চেয়েছিলেন তিনি।

এতে সন্দেহ হওয়ায় দরজা না খুলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর খবর পেয়ে র‌্যাব গিয়ে তাকে আটক করে।

জো জিয়ানকে গ্রেপ্তারের পর প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে, প্রায় একই সময় বিদেশি দুই নাগরিক পান্থপথ এবং ফার্মগেট বুথ থেকে ক্লোন কার্ড ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকা তুলেছে।

পান্থপথের বুথ থেকে একজন পাঁচটি কার্ড ১৬ বার ব্যবহার করে ৩ লাখ ১০ হাজার টাকা এবং আরেকজন ফার্মগেইটের বুথে চারটি কার্ড ১৩ বার ব্যবহার করে ১ লাখ ৯৯ হাজার টাকা তুলে নেয়।

টাকা তোলার দৃশ্য তিন বুথের ক্লোজসার্কিট ক্যামেরায় ধরা পড়েছে, যার ভিডিও ফুটেজ এখন ব্যাংক এবং র‌্যাবের কাছে রয়েছে।

র‌্যাবের দাবি, গত ১৫ মে এই তিন বিদেশি বাংলাদেশে আসার পর উত্তরায় শান জু নামের চীনা এক নাগরিকের ভাড়া বাসায় ‘পেয়িং গেস্ট’ হিসাবে উঠেছিলেন।

জো জিয়ানের কাছ থেকে তথ্য পেয়ে র‌্যাব বৃহস্পতিবার উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে দুই বিদেশির চলে যাওয়ার বিষয়টি জানতে পারে।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ জানান, চীনের এই তিন নাগরিক একসঙ্গে বাংলাদেশে আসার পর একসঙ্গেই চলাফেরা করতেন।

“তাদের সাথে থাকা বুকিং রসিদ অনুযায়ী বিজয় নগরের হোটেল অর্নেটে তাদের উঠার কথা ছিল। কিন্তু তারা উত্তরায় এক চীনা নাগরিকের বাসায় উঠেন।

Image
ঢাকার এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ

ঢাকার এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ

“ওই বাসার ভাড়াটিয়া শান জুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় জো জিয়ানের সাথে আসা দুইজন সকালে মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন।”

উত্তরার ওই বাসার ভাড়াটিয়াকে প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মুফতি মাহমুদ।

তিনি জানান, গ্রেপ্তার জো জিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেননি।

“তার পাসপোর্ট দেখে জানা গেছে, বাংলাদেশে আসার আগে তিনি মিশর ও সৌদী আরব গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সৌদী আরব থাকাকালে ব্যাংক অব রিয়াদের কোনো হিসাবধারীর তথ্য চুরি করে তিনি বাংলাদেশে আসেন।”

প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ প্রধান মো. মনিরুজ্জামান বুধবার জানিয়েছিলেন, তিনটি বুথে ব্যবহার করা ১১টি কার্ডই ছিল মাস্টারকার্ড; আর অ্যাকাউন্টগুলো সৌদি আরবের রিয়াদ ব্যাংকের।

পুরনো খবর:

এটিএম জালিয়াতি: চীনা নাগরিক রিমান্ডে
সেই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা
আটক একটি এটিএমে, ‘ক্লোন কার্ডে’ টাকা তোলা হয় আরও দুটিতে
জালিয়াত সন্দেহে এটিএম বুথ থেকে চীনা নাগরিক আটক