আটক একটি এটিএমে, ‘ক্লোন কার্ডে’ টাকা তোলা হয় আরও দুটিতে
ঢাকার এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াত সন্দেহে যে সময়ে এক চীনা নাগরিককে আটক করা হয়, ঠিক ওই সময়ে আরও দুটি বুথ থেকে পাঁচ লাখ টাকা তুলে নিয়ে যায় আরও দুই বিদেশি।
বুধবার ভোরে আটক ওই চীনা নাগরিকের নাম জু জিয়ান হুই (৩৮)। এটিএম বুথে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, বাকি দুজনও চীনের নাগরিক।
তিনটি ক্ষেত্রেই ক্লোন ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা হয়েছে বলে প্রাইম ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বিষয়টি নিয়ে মাস্টারকার্ড কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন।
প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ প্রধান মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জু জিয়ান হুই দুটি কার্ড পাঁচবার ব্যবহার করে ৬৬ হাজার টাকা তুলেছেন।
একই সময় পান্থপথের বুথ থেকে আরেক বিদেশি টাকা তুলেছেন। তিনি পাঁচটি কার্ড ১৬ বার ব্যবহার করে ৩ লাখ ১০ হাজার টাকা তুলেছেন বলে জানান মনিরুজ্জামান।
তিনি আরও বলেন, “ফার্মগেইটের বুথে চারটি কার্ড ১৩ বার ব্যবহার করেছে আরেক বিদেশি। এই বুথ থেকে ১ লাখ ৯৯ হাজার টাকা তোলা হয়েছে।”
ঢাকার এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ
এই তিনটি বুথের সিসি ক্যামেরার ফুটেজ র্যাব সংগ্রহ করেছে।
র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার জিয়ান হুইয়ের সঙ্গে অন্য দুজনের কোনো সম্পর্ক আছে কি না, তারা খতিয়ে দেখার পাশাপাশি তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া তথ্য অনুযায়ী, ভোর ৬টা ১৭ থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে এই তিনটি বুথ থেকে টাকা তোলা হয়েছে।
ভোর সাড়ে ৬টার দিকে এলিফ্যান্ট রোডের এটিএম বুথে ঢুকে দীর্ঘ সময় ধরে টাকা তোলায় সন্দেহ হওয়ায় নিরাপত্তা কর্মীরা জিয়ান হুইকে আটক করে কর্তৃপক্ষকে জানায়। সেখান থেকে র্যাব ও পুলিশে খবর দেওয়া হয়।
র্যাব-২ এর অধিনায়ক মহিউদ্দিন বলেন, “দুই কার্ড দিয়ে মোট পাঁচ ধাপে তিনি টাকা উঠিয়েছেন। এর মধ্যে তিন বার ২০ হাজার টাকা করে এবং বাকি দুই বারে পাঁচ হাজার ও এক হাজার টাকা তুলেছেন।”
ওই বুথে দায়িত্বরত নিরাপত্তাকর্মী জানান, এই চীনা নাগরিক দীর্ঘসময় বুথে অবস্থান করায় তার সন্দেহ হয়। এরপর তিনি বুথের বাইরে গিয়ে তালা আটকে পরিচয় জানতে চান।
কথা বলার এক পর্যায়ে বুথ থেকে তোলা পুরো ৬৬ হাজার টাকা ওই চীনা নাগরিক দিয়ে দিতে চেয়েছিলেন বলেও দাবি করেন নিরাপত্তাকর্মী।
আটক জো জিয়ান হুই। টিভি থেকে নেওয়া ছবি
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন বলেন, “গত ১৫ মে টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসা জিয়ান হুইয়ের কাছে যে কার্ডগুলো পাওয়া গেছে, সেগুলোর কোনোটিই বৈধ নয়।
“উদ্ধার হওয়া এই দুটি কার্ডের একটি দিয়ে এক হাজার টাকা তোলা হয়েছে। অন্য কার্ডটি ব্যবহার করা হয়নি। এই দুটি কার্ড ক্লোন করে তৈরি এবং গায়ে কিছুই লেখা নেই।”
প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান জানান, ব্যবহার করা ১১টি কার্ডই ছিল মাস্টারকার্ড; অ্যাকাউন্টগুলো সৌদি আরবের রিয়াদ ব্যাংকের বলে মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ঢাকায় চারটি ব্যাংকের এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা জানাজানি হলে আলোড়ন সৃষ্টি হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব ব্যাংকগুলোর ৩৬টি কার্ড ক্লোন করে ২০ লাখ ৬০ হাজার টাকা তুলে নেয় জালিয়াতরা। ওই চক্র অন্তত ১২০০ কার্ডের তথ্য চুরি করে বলেও তদন্তে জানা যায়।
এসব ঘটনায় করা এক মামলার এজাহারের সঙ্গে এটিএম বুথের সিসি ক্যামেরার ছবি দেখে পিওতর সিজোফেন নামে এক বিদেশি ও সিটি ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
পিওতর এটিএম জালিয়াতিতে ৪০ থেকে ৫০ জন্য জড়িত থাকার তথ্য দিয়েছে বলে পুলিশের ভাষ্য।
