২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম জালিয়াতি: চীনা নাগরিক রিমান্ডে

তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলা দায়েরের পর জালিয়াতির সন্দেহে এটিএম বুথ থেকে গ্রেপ্তার চীনা নাগরিক জো জিয়ান হুইকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 05:23 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার জো জিয়ানকে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবিরের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চান কলাবাগান থানার পরিদর্শক মাহবুবুর রহমান।

শুনানি শেষে বিচারক একদিন হেফাজত মঞ্জুর করেন বলে আদালতের পুলিশ কর্মকর্তা এসআই মো. শহীদ জানান।

এর আগে সকালে র‌্যাব ২ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. জামালউদ্দিন নিউমার্কেট থানায় তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে জো জিয়ানের বিরুদ্ধে মামলা করেন।

বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জো  জিয়ানকে আটক করে র‌্যাব।

ওইদিন ভোর ৬টার দিকে ৩৮ বছর বয়সী এই চীনা নাগরিক এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের বুথে ঢোকেন। ভেতরে তার অনেকক্ষণ অবস্থানে সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মীরা বুথের দরজা আটকে দেন।

নিরাপত্তা কর্মীদের ভাষ্য, দুটি এটিএম কার্ড ব্যবহার করে পাঁচ দফায় মোট ৬৬ হাজার টাকা তুলেছিলেন জো। দরজা আটকানোর পর তার পরিচয় জানতে চাইলে পুরো টাকা তাদের দিয়ে দিতে চেয়েছিলেন তিনি।

এতে সন্দেহ হওয়ায় দরজা না খুলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো পর খবর পেয়ে র‌্যাব গিয়ে তাকে আটক করে।

পুরনো খবর:

সেই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা