ব্যাপকভাবে তথ্য অধিকার আইন প্রচারের আহ্বান রাষ্ট্রপতির
তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে তথ্য কমিশনকে ব্যাপক প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার তথ্য কমিশন তাদের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, তথ্য পাওয়ার অধিকার জনগণের মৌলিক অধিকার।এছাড়া সুশাসন এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ হাতিয়ার।”
প্রেস সচিব জানান, প্রতিনিধি দল তাদের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানায়, দেশব্যাপী তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে তথ্য অধিকার বিষয়ে অধ্যায় সংযোজিত হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি তথ্য কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন।
