২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জালিয়াত’ আদালতকর্মীর জামিন কেন বাতিল নয়: হাই কোর্ট  

জালিয়াতির মামলার আসামি ঢাকার এক আদালতকর্মীর জামিন নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বেঞ্চ সহকারী মো. মোসলেহ উদ্দিনের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল হয়েছে।

আদালতে নথি জালিয়াতির অভিযোগে করা ওই মামলার আরেক আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ওই রুল দিয়েছেন।”

গত বছরের ১২ জুলাই মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. ওবায়দুল হক আকন্দ বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস  নাঈমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

এতে অভিযোগ করা হয়, আদালতের নথি জাল করে ভুয়া জামিননামা তৈরি করে বিভিন্ন মামলায় আসামিদের মুক্তির ব্যবস্থা করে এই দুজন আর্থিকভাবে লাভবান হন।

দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় তদন্ত শেষে চলতি বছরের ১৫ মার্চ আদালতের উমেদার মো. ইসমাইলসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

ওই মামলায় গত ১ ডিসেম্বর মোসলেহ উদ্দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। তবে এই মামলায় নিম্ন আদালতে জামিন না মঞ্জুরের পর হাই কোর্টে জামিনের আবেদন করেন ইসমাইল।

তার আবেদনের শুনানিকালে মোসলেহ উদ্দিনের জামিনের বিষয়টি নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা শহীদুল ইসলাম বলেন, “ইসমাইলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল দিয়েছেন আদালত। উভয় রুলের উপর ৭ জুন শুনানির দিন ধার্য হয়েছে।”

আসামি ইসমাইলের পক্ষে শুনানিতে ছিলেন হেলাল উদ্দিন মোল্লা।