২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরজার ত্রুটিতে বিমানের পাইলটসহ চারজন বরখাস্ত

দরজায় ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে মাসকাটগামী ফ্লাইট বাতিলের ঘটনায় পাইলটসহ চারজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ বিমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 09:04 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

রোববার ওই চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে জানালেও তাদের নাম জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমানে যোগাযোগ করা হলে তাদের কারও কাছে স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।

বাংলাদেশ বিমানের জিএম (প্রশাসন) হাসান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিষয়ে জনসংযোগ বিভাগ কথা বলবে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন।”

জনসংযোগ বিভাগে যোগাযোগ করলে সহকারী পরিচালক তাসলিমা আখতার বলেন, “অফিসিয়ালি কাউকে বরখাস্ত করা হয়েছে- এমনটি আমি জানি না।”

পরবর্তীতে জনসংযোগ বিভাগের পরিচালক খান মোশাররফ হোসেনের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

জানলে চাইলে জনসংযোগ বিভাগের কর্মকর্তা তাসলিমা বলেন, “স্যার, চেয়ারম্যান স্যারের রুমে জরুরি মিটিংয়ে আছেন।”

বিমানের পরিচালক (প্রশাসন) শফিকুর রহমানের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

পরে অফিসের ল্যান্ড ফোনে যোগাযোগ করলে তার ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে সীমা নামের এক নারী জানান, তিনি বিমানের চেয়ারম্যানের রুমে জরুরি সভায় বসেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার বিজি-১২৩ নম্বর ফ্লাইটটির শাহ আমানত বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

না ছাড়ার পর বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়।”

কর্মকর্তারা জানান, উড্ডয়নের আগে বিমানের দরজা আটকে যাওয়ায় যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের দুপুরে বিমানের অন্য একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।

পুরনো খবর:

দরজার ত্রুটিতে বিমানের যাত্রা বাতিল