এমপিওর দাবিতে ফের অবস্থান ধর্মঘটে আইসিটি শিক্ষকরা
এমপিওভুক্তির দাবিতে আবার অবস্থান ধর্মঘটে বসেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষকরা।
রোববার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের’ ব্যানারে কয়েকশ’ শিক্ষক এই কর্মসূচি শুরু করেন।
১৯৯৬ সালে মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা চালুর পর প্রত্যেক বিদ্যালয়ে এই বিষয়ে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয় বাধ্যতামূলক করে সরকার।
সংগঠনের সভাপতি মো. আশিকুজ্জামান বলেন, ২০১১ সালের ১৩ নভেম্বর এক পরিপত্রে সরকার আইসিটি শিক্ষকদের এমপিও স্থগিত করে। ফলে বেতন-ভাতা ছাড়াই তারা পাঠদান করছেন।
গত বছরের এপ্রিল-মে মাসে এমপিওর দাবিতে আইসিটি শিক্ষকরা ঢাকায় মানববন্ধন করে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে স্মারকলিপি দেন।
সাধারণ সম্পাদক এস এম শামীমুর রহমান বলেন, “২০১৫ সালের ১৫ ডিসেম্বর মাউশি এক হাজার ৩৫২ জন আইসিটি শিক্ষকের তালিকা প্রকাশ করলেও তাদের এমপিও দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
“প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধমে আমরা পাঠদান করছি। দুঃখের বিষয় আমরা প্যার্টানভুক্ত শিক্ষক হলেও কোনো ধরনের পারিশ্রমিক ও বেতন-ভাতা পাচ্ছি না। তাই অভিলম্বে আইসিটি শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানাই।”
তিনি জানান, মাউশির তালিকায় যেসব শিক্ষকের নাম ছিল তারাই এখন এমপিওর দাবিতে অবস্থান ধর্মঘট করছেন।
দাবি আদায়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
