২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওর জন্য আইসিটি শিক্ষকদের ধর্মঘট

এমপিওভুক্তির দাবিতে অবস্থান ধর্মঘটে বসেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 12:47 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার সকালে ‘বাংলাদেশ এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের’ ব্যানারে কয়েকশ শিক্ষক এই কর্মসূচি শুরু করেন।

১৯৯৬ সালে মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা চালুর পর প্রতিটি বিদ্যালয়ে এই বিষয়ে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয় বাধ্যতামূলক করে সরকার।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, ২০১১ সালের ১৩ নভেম্বর এক পরিপত্রের মাধ্যমে সরকার আইসিটি শিক্ষকদের এমপিও স্থগিত করে। ফলে বেতন-ভাতা ছাড়াই তারা পাঠদান করছেন।

গত বছরের এপ্রিল-মে মাসে এমপিওর দাবিতে আইসিটি শিক্ষকরা ঢাকায় মানববন্ধন করে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ‍ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে স্মারকলিপি দেন।

এরপর গত বছরের ১৫ অক্টোবর মাউশি এক পরিপত্রের মাধ্যমে মাধ্যমিক স্তরের আইসিটি শিক্ষকদের এমপিও দেওয়ার লক্ষে তথ্য সংগ্রহ করে।

শিক্ষকরা জানান, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর মাউশি এক হাজার ৩৫২ জন আইসিটি শিক্ষকের তালিকা প্রকাশ করলেও এদের এমপিও দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

মাউশির তালিকায় যেসব শিক্ষকদের নাম ছিল তারাই এখন এমপিওর দাবিতে অবস্থান ধর্মঘট করছেন।

এক হাজার ৩৫২ জন আইসিটি শিক্ষককে তাদের যোগদানের তারিখ থেকে মাউশির অধীনেই এমপিও দেওয়ার দাবি করছেন শিক্ষকরা।

দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হস্তক্ষেপও কামনা করেন শিক্ষকরা।

ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষক মো. কাইয়ুম সরকার জানান, রোববার বিকাল পর্যন্ত কর্মসূচি পালন করবেন তারা। সোমবারও ধর্মঘটের কর্মসূচি চলবে কি না- বিকালে সেই সিদ্ধান্ত হবে।

সংগঠনটির সভাপতি মো. আশিকুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম শামীমুর রহমানের নেতৃত্বে শিক্ষকরা কর্মসূচিতে যোগ দিয়েছেন।