২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় তাপপ্রবাহ, ঢাকায় বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ বজ্রঝড় হচ্ছে; তবে খুলনা বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 06:54 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

পুরনো খবর:

বজ্রপাতে কী করবেন?
বজ্রপাতে এক দিনে ৩৩ মৃত্যু
তাপপ্রবাহ আবার

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, বৈশাখের শেষ দিন শনিবারও খুলনা অঞ্চলে এই তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি।

বৈশাখের শেষ ভাগে এক সপ্তাহ গরমের পর বৃহস্পতিবার রাজধানীসহ দেশের অনেক জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। সঙ্গে হয় বজ্রপাত, এতে ১২ জেলায় ৩৩ জনের প্রাণহানি হয়। শুক্রবার বিকাল পর্যন্ত বজ্রপাতে আরও অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টাঙ্গাইলে ৫৩ মিলিমিটার।

এসময় ময়মনসিংহ, ফরিদপুর, নেত্রকোণা, চট্টগ্রাম, সন্দ্বীপ, কুমিল্লা, ফেনী, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছি, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, রাজাহাট, খেপুপাড়া ও ভোলা আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

খুলনা বিভাগের ১০ জেলায় গত ৭-৮ দিন দেখা মেলেনি বৃষ্টির; শুক্রবার সন্ধ্যায় নগরীর আকাশে কালো মেঘ জমলেও বৃষ্টি হয়েছে কয়েক মিনিট। তাতে ওই অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ থেকে কিছুটা রেহাই মিললেও স্বস্তি আসেনি।

এবার বৈশাখজুড়ে খরতাপে অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। মাঝ বৈশাখে দুদিন বৃষ্টির দেখা মিললেও টানা দুসপ্তাহ ফের বৃষ্টিহীন সময় পার হয়।

মৃদু তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় নামে স্বস্তির বৃষ্টি। এসময় অস্থায়ী দমকার সঙ্গে যোগ হয় বজ্রবৃষ্টি।

রাজধানীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়; শুক্রবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত বৃষ্টি ঝরে আরও ২৭ মিলিমিটার।

অধিদপ্তরের দায়িত্বরত পূর্বাভাস কর্মকর্তা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

“সেই সঙ্গে মাদারীপুর ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এসময় ঢাকায় ছিল সর্বোচ্চ ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মে মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুয়েকটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) এবং অন্যত্র দুই-তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মাহনাজ খান জানান, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে তিন-চার দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী ও বজ্রসহ ঝড় হতে পারে।

বিলুপ্ত সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক সুজিত কুমার দেবশর্মা জানান, কালবৈশাখী মৌসুমে বজ্রঝড় বেশি হয়। সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত বজ্রঝড় হয়ে থাকে। বর্ষাকালের পর কখনও কখনও অক্টোবর-নভেম্বর মাসেও তা দেখা যায়।

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে দুই থেকে তিনশ’ মানুষের প্রাণহানি ঘটে বলে জানান তিনি।

আবহাওয়ার এই প্রপঞ্চের কারণ ব্যাখ্যা করে সুজিত দেবশর্মা বলেন, যখন কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়, তখনই বজ্রঝড় হয়ে থাকে।