২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগে দিক-নির্দেশনা : অ্যামিচি কিউরিদের মতামত ১৮, ১৯ মে

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের দিকনির্দেশনা (গাইডলাইন) তৈরি প্রশ্নে রুলের ওপর ১৮ ও ১৯ মে শুনানির পরবর্তী  দিন রেখেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

ওই দুইদিন মামলার সাতজন অ্যামিচি কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) তাদের মতামত দেবেন।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ বৃহস্পতিবার রুলের ওপর চতুর্থ দিনের শুনানি নিয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করে দেয়।

বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে ছয় বছর আগের রুলের ওপর হাই কোর্টে শুনানি চলছে।

এই মামলায় অ্যামিচি কিউরি হিসেবে রয়েছেন সাতজন জ্যেষ্ঠ আইনজীবী। তারা হলেন- ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ।

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

পরে ব্যারিস্টার হাসান এম এস আজীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চতুর্থ দিনের শুনানিতে বিচারক নিয়োগ বিষয়ে দেশের বিভিন্ন আইন-মামলার রায় তুলে ধরেছি। আদালত ১৮ ও ১৯ মে অ্যামিচি কিউরিদের মতামত উপস্থাপনের জন্য দিন রেখেছে।”

বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী ২০১০ সালের ৩০ মে হাই কোর্টে একটি রিট আবেদন করেন।

প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি ওবায়দুল হাসানের হাই কোর্ট বেঞ্চ রুল দেয়।

রুলে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না এবং নিয়োগের নির্দেশনা প্রণয়ন করে তা কেন গেজেট আকারে প্রকাশ করা হবে না, তা জানতে চাওয়া হয়।

আইন সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়। একইসঙ্গে নিয়োগের জন্য বিচারক বাছাইয়ের ক্ষেত্রে ইতোপূর্বে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা চার সপ্তাহের মধ্যে জানাতে আইন সচিবকে বলা হয়।

রিট আবেদনকারীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, রুল হওয়ার পর ২০১৪ সালে বিষয়টি বিচারপতি মির্জা হোসাইন হায়দার (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় উঠেছিল।

এ বিষয়ে মতামত দিতে আদালত অ্যামিচি কিউরি হিসেবে সাতজন জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করে।

এই বেঞ্চ পুর্নগঠন হওয়ার পর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান।

এরপর ৮ মে হাই কোর্টের কার্যতালিকায় দেখা যায়, ‘শুনানির জন্য প্রধান বিচারপতি কর্তৃক পাঠানো’ বলে ‘রাগীব রউফ চৌধুরী বনাম আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও অন্যান্য’ শিরোনামে বিষয়টি আংশিক শ্রুত হিসেবে এই বেঞ্চের তালিকায় ১১৮ নম্বর ক্রমিকে ছিল।

এর আগে রুলের ওপর এপ্রিল মাসে দুইদিন এবং গত ১০ মে শুনানি হয় বলে জানান ব্যারিস্টার হাসান এম আজীম।

পুরনো খবর:

বিচারক নিয়োগে দিক-নির্দেশনা: রুল শুনানির জন্য উঠছে