২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগে দিক-নির্দেশনা: রুল শুনানির জন্য উঠছে

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে দিক-নির্দেশনা (গাইডলাইন) তৈরি প্রশ্নে ছয় বছর আগে হওয়া রুল চূড়ান্ত শুনানির জন্য হাই কোর্টে ওঠছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার হাই কোর্টের কার্যতালিকায় দেখা যায়, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে আগামী ১০ মে বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে।

কার্যতালিকায় দেখা যায়, শুনানির জন্য প্রধান বিচারপতি কর্তৃক পাঠানো বলে ‘রাগীব রউফ চৌধুরী বনাম আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও অন্যান্য’ শিরোনামে বিষয়টি আংশিক শ্রুত হিসেবে তালিকার ১১৮ নম্বর ক্রমিকে রয়েছে।

বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী ২০১০ সালের ৩০ মে হাই কোর্টে রিট আবেদনটি করেন।

প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি ওবায়দুল হাসানের হাই কোর্ট বেঞ্চ রুল দেয়।

রুলে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করা হবে না এবং নিয়োগের নির্দেশনা প্রণয়ন করে তা কেন গেজেট আকারে প্রকাশ করা হবে না, তা জানতে চাওয়া হয়।  

আইন সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়। একইসঙ্গে নিয়োগের জন্য বিচারক বাছাইয়ের ক্ষেত্রে ইতোপূর্বে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা চার সপ্তাহের মধ্যে জানাতে আইন সচিবকে বলা হয়।

রিট আবেদনকারীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, রুল হওয়ার পর ২০১৪ সালে বিষয়টি বিচারপতি মির্জা হোসাইন হায়দার (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় উঠেছিল।

এ বিষয়ে মতামত দিতে আদালত অ্যামিকাস কিউরিরা হিসেবে (আদালতের আইনি সহায়তাকারী) কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করে।

সাত অ্যামিচি কিউরি

রোববার হাই কোর্টের কার্যতালিকায় দেখা যায়, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ এ মামলায় অ্যামিচি কিউরি হিসেবে রয়েছেন।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজীম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যামিকাস কিউরিদের নাম ঘোষণার পর বিষয়টি আংশিক শ্রুত হিসেবে ওই বেঞ্চে ছিল। তবে পরে বেঞ্চ পুর্নগঠন হওয়ায় আর শুনানি হয়নি।

“নিয়োগের জন্য বিচারক বাছাইয়ের ক্ষেত্রে ইতোপূর্বে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা জানাতে এক মাস সময় বেঁধে দেওয়া হলেও গত ছয় বছরে তা জানায়নি রাষ্ট্রপক্ষ। রুলের জবাবও হাতে পাইনি।”

সর্বশেষ অবস্থা সম্পর্কে এই আইনজীবী বলেন, “প্রধান বিচারপতি পরে বিষয়টি শুনানির জন্য বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিষয়টি তালিকায় আসে। ১১ বা ১২ এপ্রিল সংক্ষিপ্ত শুনানি নিয়ে ৩ মে দিন রাখে, সেদিন আদালত নিয়মিত শুনানির জন্য ১০ মে দিন রাখে।”

সংবিধান যা বলছে

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে বিচারক নিয়োগ বিষয়ে বলা আছে।

৯৫(১) অনুচ্ছেদ বলছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কতৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন।

Image
বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের সংবিধান

৯৫(২) অনুসারে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে এবং (ক) সুপ্রিম কোর্টে অনূন্য ১০ বছরকাল অ্যাডভোকেট না হয়ে থাকলে; বা বাংলাদেশের (খ) রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যূন ১০ বছর কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করে থাকলে; অথবা (গ) সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগলাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না  থাকলে ; তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না।    

আইনজীবী হাসান এম এস আজীম বলেন, “স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও আইনের দ্বারা অন্যান্য যোগ্যতা এখনও নির্ধারণ করা হয়নি। সে কারণে প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা আনতে ও দিক নির্দেশনা তৈরির জন্য জনস্বার্থে রিটটি সে সময় করা হয়।”

২ বছর পর আইন কমিশনের সুপারিশ

২০১২ সালের ৫ অগাস্ট আইন কমিশন ‘সুপ্রিম কোর্টে বিচারক পদে নিয়োগের সাংবিধানিক শর্তাবলী ও আইনের দ্বারা নির্ধারিত শর্তাবলী বিষয়ে আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন’ প্রস্তুত করে।

প্রতিবেদনের ভূমিকায় বলা হয়, সংবিধানে বিচারক নিয়োগে কিছু সুনির্দিষ্ট শর্তাবলির উল্লেখ ছাড়াও আইনের দ্বারা শর্তাবলি নির্ধারণের (৯৫/২/গ) ব্যবস্থা রয়েছে। কিন্তু বিগত ৪০ বছরে এই উপ-অনুচ্ছেদের অধীনে কোনো আইন প্রণয়ন করা হয়নি।

কমিশনের সুপারিশে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৫ (২) (খ)-এর অধীনে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের জন্য অধস্তন আদালতে চাকরির অভিজ্ঞতা ১০ বছর বিশেষভাবে বুঝতে ও গণনা করতে হবে। এই ১০ বছর পুরোটাই বিচারকাজে নিয়োজিত অবস্থায় থাকতে হবে, কোনো বিচার বিভাগীয় প্রশাসন যেমন, আইন মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি সংস্থায় কর্মের সময় গণনায় আনা যাবে না। ১০ বছরের মধ্যে অবশ্যই ন্যূনতম তিন বছর জেলা জজ বা সমপর্যায়ের বিচারক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

সংবিধানের ৯৫ (২) (ক) তুলে ধরে সুপারিশে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মকালের ১০ বছরও বিশেষভাবে বুঝতে ও পড়তে হবে। আদালতে ১০ বছরের জন্য নিছক অন্তর্ভুক্তি (এনরোলমেন্ট) যথেষ্ট বিবেচিত হবে না। উল্লেখযোগ্য সংখ্যক মামলা সফলভাবে পরিচালনাসহ তাকে নিয়মিত সক্রিয়ভাবে আইন পেশায় (প্র্যাকটিস) যুক্ত থাকতে হবে, যা প্রধান বিচারপতি ও তার সহবিচারপতিরা নির্ধারণ করবেন। এ ছাড়া অন্তত দুই বছর আপিল বিভাগে মামলা পরিচালনার অভিজ্ঞতাও থাকতে হবে।

অন্য সুপারিশে সংবিধানের ৯৫ (২) (ক) ও ৯৫ (২) (খ) তুলে ধরে বলা হয়, এর অধীন আইনজীবী ও বিচারক ছাড়াও ৯৫ (২) (গ) এর অধীন কোনো আইনজ্ঞ (যেমন আইনের অধ্যাপক বা আইনের গবেষক), যার প্রাতিষ্ঠানিক পরিচয় রয়েছে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচিত হতে পারবেন। এ ক্ষেত্রে তার বয়সের নিম্নসীমা হবে ৪৫ বছর।

চতুর্থ সুপারিশে বলা হয়, সুপ্রিম কোর্টে অধস্তন আদালত থেকে বিচারক নিয়োগের আনুপাতিক সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ তুলে ধরে আরেক সুপারিশে বলা হয়, এর অধীন হাই কোর্ট বিভাগে অস্থায়ী মেয়াদে অতিরিক্ত বিচারক নিয়োগ এবং হাই কোর্ট বিভাগ থেকে অস্থায়ী মেয়াদে কোনো বিচারকের আপিল বিভাগে আসন গ্রহণের বিধান বোধগম্য কারণে বিচার বিভাগের স্বাধীনতার ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয় বিধায় সংবিধান সংশোধনীর মাধ্যমে তা বিলুপ্ত করা প্রয়োজন।

প্রতিবেদনের ষষ্ঠ সুপারিশ অনুসারে, বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতির সঙ্গে ‘পরামর্শ’ নিছক আভিধানিক অর্থে নয়, বরং তা সাংবিধানিক ও বিচার বিভাগীয় ধ্যান-ধারণায় বিশেষ অর্থে পড়তে ও বুঝতে হবে। যার ফলে ‘পরামর্শ’ হয়ে উঠতে পারে অর্থবহ ও কার্যকর। এ জন্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতির পরামর্শ চাওয়া এবং প্রধান বিচারপতির পরামর্শ প্রদান প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও লিখিতভাবে।

পুরনো খবর:

বিচারক অপসারণ ক্ষমতা সংসদকে দেওয়া অবৈধ: হাই কোর্ট