২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখল ইউসেপ

সাফল্যের ধারাবাহিকতায় এবারও কারিগরি শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে বেসরকারি সংস্থা ইউসেপ পরিচালিত স্কুলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 07:07 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

ইউসেপ পরিচালিত পাঁচটি স্কুলের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাকায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস রয়েছে খুলনা শহরের স্কুলে।

মোটের ওপর পাসের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ।

বুধবার সারাদেশে একযোগে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে পাসের হার রয়েছে ৮৮ দশমিক ২৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষা নিয়ে কাজ করছে ইউএসইপি বা ইউসেপ। ১৯৭২ সালে চালু হওয়া এই বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ সরকার ও বিদেশি সাহায্য সংস্থার সহায়তা রয়েছে।

এ বছর বোর্ডগুলোতে সেরা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা না হলেও আগের টানা তিন বারের সাফল্যের ধারাবাহিকতা এবার বজায় আছে বলে ইউসেপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগীয় শহরের ইউসেপের কারিগরি স্কুলগুলো থেকে এ বছর ৩০৭ শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে।

এর মধ্যে ৩০৬ জন পাস করেছে যাদের ৩০৩ জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ।

মেয়েদের পাসের হারে ৫১ দশমিক ১৪ শতাংশ আর ছেলেদের ৪৮ দশমিক ৫৪ শতাংশ।

সারাদেশে ২০৯০টি কারিগরি স্কুলের মধ্যে ইউসেপ গত চার বছর ধরে শীর্ষ অবস্থানে রয়েছে।

এবারের ফলাফলে ঢাকার মিরপুরে ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা শতভাগ এ-প্লাস পেয়েছে। চট্টগ্রামের এ কে খান ইউসেপ কালুরঘাট টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরাও শতভাগ পাস করেছে। ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ এর হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলেও পাসের হার ৯৮ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৬ দশমিক ৫৬ শতাংশ। ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল শতাভাগ জিপিএ-৫ পেয়েছে।

ইউসেপ মিরপুর শাখার সমন্বয়ক সান্তারা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭১ জনই শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের আগ্রহের কারণে এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।