২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগে দিক-নির্দেশনা: পরবর্তী রুল শুনানি বুধবার

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের দিকনির্দেশনা (গাইডলাইন) তৈরি করা প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 07:48 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ মঙ্গলবার শুনানি নিয়ে বুধবার পরবর্তী দিন রেখেছে।

এর আগে গত ৮ মে হাই কোর্টের কার্যতালিকায় দেখা যায়, ‘শুনানির জন্য প্রধান বিচারপতি কর্তৃক পাঠানো’ বলে ‘রাগীব রউফ চৌধুরী বনাম আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও অন্যান্য’ শিরোনামে বিষয়টি আংশিক শ্রুত হিসেবে এই বেঞ্চের তালিকায় ১১৮ নম্বর ক্রমিকে ছিল।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির পর রুলের ওপর শুনানি হয়। আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

পরে শুনানির বিষয়ে ব্যারিস্টার হাসান এম এস আজীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাশ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে বিচারপতি নিয়োগে নীতিমালা-আইন কানুন তুলে ধরেছি।

“সংবিধানের ৯৫ (২)(গ) অনুচ্ছেদে নিয়োগের বিষয়ে আইন করার কথা থাকলেও গত ৪৫ বছরে তা হয়নি। আইন করার ক্ষমতা থাকা স্বত্ত্বেও যতক্ষণ পর্যন্ত সংসদ আইন না করে, সে ধরনের পরিস্থিতিতে আদালত জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় নীতিমালা তৈরি করে দিতে পারে- এর সপক্ষে বিভিন্ন নজীর তুলে ধরেছি।”

‘রুলের ওপর মঙ্গলবার তৃতীয় দিনের মত শুনানি নিয়ে আদালত বুধবার শুনানির জন্য রেখেছে’ বলে জানান ব্যারিস্টার আজীম।     

বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী ২০১০ সালের ৩০ মে হাই কোর্টে একটি রিট আবেদন করেন।

প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি ওবায়দুল হাসানের হাই কোর্ট বেঞ্চ রুল দেয়।

রুলে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিকনির্দেশনা তৈরি করা হবে না এবং নিয়োগের নির্দেশনা প্রণয়ন করে তা কেন গেজেট আকারে প্রকাশ করা হবে না, তা জানতে চাওয়া হয়। 

আইন সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়। একইসঙ্গে নিয়োগের জন্য বিচারক বাছাইয়ের ক্ষেত্রে ইতোপূর্বে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা চার সপ্তাহের মধ্যে জানাতে আইন সচিবকে বলা হয়।

রিট আবেদনকারীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, রুল হওয়ার পর ২০১৪ সালে বিষয়টি বিচারপতি মির্জা হোসাইন হায়দার (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় উঠেছিল।

এ বিষয়ে মতামত দিতে আদালত অ্যামিচি কিউরি হিসেবে (আদালতের আইনি সহায়তাকারী) কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করে।

তারা হলেন- ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ।

আইন কমিশনের সুপারিশ

২০১২ সালের ৫ অগাস্ট আইন কমিশন ‘সুপ্রিম কোর্টে বিচারক পদে নিয়োগের সাংবিধানিক শর্তাবলী ও আইনের দ্বারা নির্ধারিত শর্তাবলী বিষয়ে আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন’ প্রস্তুত করে।

প্রতিবেদনের ভূমিকায় বলা হয়, সংবিধানে বিচারক নিয়োগে কিছু সুনির্দিষ্ট শর্তাবলির উল্লেখ ছাড়াও আইনের দ্বারা শর্তাবলি নির্ধারণের (৯৫/২/গ) ব্যবস্থা রয়েছে। কিন্তু বিগত ৪০ বছরে এই উপ-অনুচ্ছেদের অধীনে কোনো আইন প্রণয়ন করা হয়নি। আইন মন্ত্রণালয়ে পাঠানো আইন কমিশনের এই প্রতিবেদনে এ বিষয়ে ছয় দফা সুপারিশও তুলে ধরা হয়।

পুরনো খবর:

বিচারক নিয়োগে দিক-নির্দেশনা: রুল শুনানির জন্য উঠছে