২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ নূরজাহান বেগমের খবর নিলেন প্রধানমন্ত্রী

‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের শারীরিক অবস্থার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 05:49 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

হাসপাতালে তাকে দেখে আসতে নিজের বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে সোমবার পাঠান তিনি।  

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৪ মে থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে রয়েছেন ৯২ বছর বয়সী সাংবাদিক নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রীর নির্দেশে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আজ (সোমবার) দুপুরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ‘বেগম’ পত্রিকার সম্পাদক এবং দেশের জ্যেষ্ঠতম নারী সাংবাদিক নূরজাহান বেগমকে দেখতে যান।”

নূরজাহান বেগমের শয্যাপাশে কিছু সময় ছিলেন শাকিল। তিনি চিকিৎসক এবং নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা নূরজাহান বেগমের অসুস্থতায় উদ্বিগ্ন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন মর্মে মাহবুবুল হক শাকিল পরিবারের সদস্যদের অবহিত করেন,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Image
নূরজাহান বেগম (ফাইল ছবি)

নূরজাহান বেগম (ফাইল ছবি)

উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিকের সম্পাদক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরে গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে পশ্চিমবঙ্গের ভাগলপুরে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে ম্যাট্রিক পাসের পর কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ থেকে উচ্চশিক্ষা নেন।

সাহিত্য চর্চায় মেয়েদের জায়গা করে দিতে তার বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন ১৯৪৭ সালে ‘বেগম’ পত্রিকা চালু করেন। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত হলেও দেশভাগের পর ১৯৫০ সালে পত্রিকাটি ঢাকায় চলে আসে।

প্রতিষ্ঠার প্রথম চার মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। এর পর সম্পাদনার দায়িত্বে আসেন নূরজাহান বেগম। ১৯৫২ সালে কেন্দ্রীয় কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামানা খানের (দাদা ভাই) তার বিয়ে হয়।

নারী শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য ১৯৯৭ সালে তাকে রোকেয়া পদক দেওয়া হয়।

পুরনো খবর:

চোখ মেলেছিলেন নূরজাহান বেগম