চোখ মেলেছিলেন নূরজাহান বেগম
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) থাকা বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে ভর্তির চার দিন পর চোখ মেলে তাকিয়েছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে থাকা ৯২ বছর বয়সী এই সাংবাদিককে রোববার দুপুরে দেখতে যান তার বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি যখন আইসিইউতে ঢুকি, তখন মায়ের লাইফ সাপোর্ট খোলা ছিল। তিনি তখন চোখ তুলে তাকিয়েছিলে।”
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ৪ মে নূরজাহান বেগমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ফ্লোরা।
উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিকের সম্পাদক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরে গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪২ সালে পশ্চিমবঙ্গের ভাগলপুরে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে ম্যাট্রিক পাশের পর কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ থেকে উচ্চশিক্ষা নেন।
সাহিত্য চর্চায় মেয়েদের জায়গা করে দিতে তার বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন ১৯৪৭ সালে ‘বেগম’ পত্রিকা চালু করেন। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত হলেও দেশভাগের পর ১৯৫০ সালে পত্রিকাটি ঢাকায় চলে আসে।
প্রতিষ্ঠার প্রথম চার মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। এর পর সম্পাদনার দায়িত্বে আসেন নূরজাহান বেগম। ১৯৫২ সালে কেন্দ্রীয় কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামানা খানের (দাদা ভাই) তার বিয়ে হয়।
নারী শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য ১৯৯৭ সালে তাকে রোকেয়া পদক দেওয়া হয়।
এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘ, কাজি জেবুন্নেসা মাহবুবুল্লাহ ট্রাস্ট, রোটারি ক্লাবসহ বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা জানিয়েছে।
