২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে বুঝতে হবে সুশাসনের ধারণা’

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে সুশাসনের ‘ধারণা বোঝার’ ওপর জোর দিয়ে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছেন, প্রয়োজনে স্থানীয় প্রেক্ষাপটে এর নতুন সংজ্ঞা ঠিক করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 01:35 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক আহমেদ শফিকুল হক রোববার ঢাকায় ‘অন্তর্ভুক্তিমূলক সুশাসন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে বলেন, “বর্তমান সময়ে সুশাসন বাস্তবায়নের চেয়ে এর ধারণাটি বোঝা অনেক বেশি চ্যালেঞ্জিং।”

বেসরকারি গবেষণা সংস্থা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স রিসার্চ নেটওয়ার্ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের যৌথ আয়োজনে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলন শনিবার শুরু হয়। এ আয়োজনের সহ আয়োজক সাউদার্ন ইউনিভার্সিটি এবং দ্য এশিয়া ফাউন্ডেশন।        

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে শফিকুল হক বলেন, সুশাসনের সঙ্গে অনেক শব্দ যুক্ত করে ব্যবহার করা হয়। ভালো, অন্তর্ভূক্তিমূলক এরকম অনেক ধরনের শব্দ ব্যবহার করা হয়। তবে সুশাসন ধারণাটাই ‘সবচেয়ে উপযোগী’।

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ‘সুশাসন’ এর ধারণা ‘ভিন্ন পর্যালোচনার’ দাবি রাখে বলেও মনে করেন এই গবেষক। 

“সুশাসনকে যেভাবে দেখা হয় বা যে পদ্ধতিতে আমরা দেখি, তার একটি ভিন্ন পর্যালোচনা প্রয়োজন। উন্নয়নশীল দেশগুলোতে নতুনভাবে এর সংজ্ঞায়ন করতে হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক নিজাম আহমেদ বলেন, “অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের মূল শর্ত হল, একটি সম্প্রদায়ের সকল অংশের সক্রিয় অংশগ্রহণ। আমাদের মতে, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে গেলে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের সকল শক্তিকে যুক্ত করা প্রয়োজন।”

রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ‘অভূতপূর্ব উন্নয়ন’ করলেও সুশাসনের জন্য ‘আরও অনেক দূর’ যেতে হবে।

“একভাবে বলতে পারি, আমরা খুঁজছি। আমাদের আরও বেটার রুল অব ল, বেটার গভর্নেন্স খুঁজতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি সিরাজ উদ দৌলা।

অন্যদের মধ্যে সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য মো. নুরুল মোস্তফা, এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাসান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিক হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।