জিয়া দাতব্য ট্রাস্ট: হাই কোর্টে খালেদার আবেদনের শুনানি শুরু
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচ হওয়ার পর মামলা স্থগিতের যে আবেদন খালেদা জিয়া করেছেন, তা নিয়ে হাই কোর্টে শুনানি শুরু হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বুধবার শুনানি নিয়ে আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন রেখেছে।
বিচারের শেষ পর্যায়ে থাকা এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীরা ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।
এই আদেশ বাতিল চেয়ে পরদিন হাই কোর্টে দুটি আবেদন করেন খালেদা জিয়া, যা ১৯ এপ্রিল অবকাশকালীন একটি বেঞ্চে উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর ধারাবাহিকতায় ২১ এপ্রিল হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আদালত খোলার পর নিয়মিত বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করতে বলে।
আবেদন দাখিল করার পর ১৯ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবীরা জানান, তদন্ত কর্মকর্তা জেরা পুনরায় গ্রহণ এবং তদন্ত নথি (কেস ডকেট) প্রদান ও দেখানোর জন্য বিচারিক আদালতে আবেদন করা হলে ১৭ এপ্রিল খারিজ হয়। ওই আদেশ বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে দুটি আবেদন করা হয়েছে।
অবকাশ শেষে ২ মে নিয়মিত বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করেন খালেদার আইনজীবীরা, যা বুধবার শুনানির জন্য ওঠে।
আদালতে খালেদার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান প্রমুখ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যটর্নি জেনারেল মুরাদ রেজা এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম।
পরে ব্যারিস্টার এহসানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি আবেদনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার আরজি নাকচের বিরুদ্ধে করা আবেদনটির ওপর শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুই টায় শুনানির জন্য রাখা হয়েছে।”
মামলা বৃত্তান্ত
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন।
খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।
