২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক আমলের ৩ অধ্যাদেশ বাতিল করে নতুন আইনের বিল পাস

সামরিক আমলে জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 11:45 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

বুধবার সংসদে ‘আর্মি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, ‘ক্যাডেট কলেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬,’ ‘এয়ারফোর্স (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’- এই তিনটি বিল কণ্ঠভোটে পাস হয়।

সংসদে আলাদাভাবে বিল তিনটি পাসের প্রস্তাব করেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

এর আগে বিলগুলোর ওপর দেওয়ার সংশোধনীগুলো কণ্ঠভোটে বাতিল হয়।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা অধ্যাদেশগুলো অনুমোদন ও সমর্থন সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের চতুর্থ তফসিল ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ায় ওই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে।

অধ্যাদেশগুলোর অধীন বিধানগুলোর কার্যকারিতা জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করতে বিলগুলো পাস করা হলো।