২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মালয়েশিয়ার সঙ্গে চুক্তিতে সংখ্যার উল্লেখ ছিল না’

মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির চুক্তিতে শ্রমিকদের সংখ্যার উল্লেখ ছিল না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সমঝোতা স্মারকে সই করার পরদিনই বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত করে মালয়েশিয়া সরকার। 

এর আগে মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হওয়ার পর ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন এবং তা সই হওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৫ লাখ শ্রমিক পাঠানোর কথা বলা হয়েছিল।

মমতাজ বেগমের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, “বর্তমানে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ আছে। নেওয়া শুরু হলে আমরাও সুযোগ পাব। মালয়েশিয়ার সঙ্গে চুক্তিতে ১২ বা ১৫ লাখ শ্রমিক পাঠানোর বিষয়টি উল্লেখ নেই।”

মালয়েশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী সরকার-সরকার পদ্ধতিতে শ্রমিক পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।  

আমিনা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সংযুক্ত আরম আমিরাত, দক্ষিণ কোরিয়া, ওমান, লিবিয়া, কুয়েত, জর্ডান, হংকং, সৌদি আরব ও মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির চুক্তি রয়েছে।

৮৭টি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি

এদিকে বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ জানিয়েছেন, বিশ্বের ৮৭টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এসব দেশগুলোর সাথে বর্তমানে ২৮ হাজার ৫৬ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে।

দিলারা বেগমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর তথ্য অনুযায়ী বর্তমানে সব থেকে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সঙ্গে। এ দেশটির সাথে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৭ হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলার। চীনের সঙ্গে রপ্তানি আয় হচ্ছে ৭৯১ মিলিয়ন মার্কিন ডলার ও আমদানি ব্যয় ৮ হাজার ২১৫ মিলিয়ন মার্কিন ডলার। চীনের আগে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল। বর্তমানে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি হচ্ছে ৫ হাজার ২৮৪ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

অপরদিকে বাণিজ্য ঘাটতি সব থেকে কম রয়েছে লিথুনিয়ার সাথে। এ দেশটির সাথে ঘাটতি শূন্য দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার।

এম এ আউয়ালের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ৭২৯টি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিটট পোশাক, ওভেন গার্মেন্টস, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি, শুকনা খাবার, শাকসব্জি, ফলমূল, ওষুধ সামগ্রী, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, টেরিটাওয়েল, পাদুকা, সিরামিক সামগ্রী, বাই সাইকেল, ইলেকট্রিক পণ্য, ইঞ্জিনিয়ারিং ইক্যুপমেন্ট, ফার্নিচার, জাহাজ ইত্যাদি।

এদিকে মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “২০১০ সাল থেকে মার্চ ২০১৬ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে ৫৯ হাজার ১১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে আইন লঙ্ঘনের কারণে ১৫ হাজার ৯৫১টি প্রতিষ্ঠানকে ১২ কোটি ৩২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।”

মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমাদের পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। অন্যান্যবারের মতো এবারও রমজান মাস ভালোভাবে চলে যাবে। কারসাজি করে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তাদের নিয়ে মিলেমিশে কাজ করছি। কেউ কারসাজি করলে ব্যবসায়ীদের নিয়েই মোকাবিলা করা হবে।”

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “টিসিবি যথেষ্ট সক্ষম। কেউ চাইলেও কৃত্রিম সংকট তৈরি তৈরি করা সম্ভব নয়।”

আবদুল মান্নানের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, “যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়া না পাওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বিশ্বের অনেক দেশ জিএসসি সুবিধা পাচ্ছে যারা আমাদের ধারে-কাছেও নেই। আমরা যখন একটি শর্ত পূরণ করি তখন তারা আরও একটি শর্ত তুলে ধরে। আমার মনে হয় রোজ কেয়ামত পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করতে পারব না।”

দেশে ১৪ বছরে ৫১৬ বার ভূমিকম্প

সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংসদকে জানিয়েছেন, ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৪ বছরে দেশে ৫১৬ বার ভুমিকম্প অনূভুত হয়েছে। এর মধ্যে ২০০১ সালে ৩১ বার, ২০০২ সালে ৪৩ বার, ২০০৩ সালে ৪২ বার, ২০০৪ সালে ৩৯ বার, ২০০৫ সালে ৩০ বার, ২০০৬ সালে ২৭ বার, ২০০৭ সালে ৩১ বার, ২০০৮ সালে ৩৬ বার, ২০০৯ সালে ৩৪ বার, ২০১০ সালে ৩৮ বার, ২০১১ সালে ৩৭ বার, ২০১২ সালে ৩৪ বার, ২০১৩ সালে ৩৫ বার ও ২০১৪ সালে ২৫ বার।

মন্ত্রী আরও জানান, ভূমিকম্প মোকাবিলার জন্য ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ভূমিকম্পে উদ্ধার কাজ পরিচালনর জন্য ৬২ হাজার আরবান সার্চ অ্যান্ড রেসকিউ ভলান্টিয়ার তৈরির পরিকল্পনা রয়েছে।

“ভূমিকম্প মোকাবিলার জন্য ভারি যন্ত্রপাতি কেনা হচ্ছে। যা দিয়ে সুউচ্চ ভবনে অভিযান চালানো যাবে। ”

শিশু শ্রমিক ৩৪ লাখ ৫০ হাজার

শামসুল হক টুকুর প্রশ্নের জবাবে শ্রম ও কমসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান, চাইল্ড লেবার সার্ভে ২০১৩ অনুযায়ী বর্তমানে ৫ থেকে ১৭ বছর বয়সী ৩৪ লাখ ৫০ হাজার কর্মজীবী শিশু রয়েছে।