২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

বেতন সরকার নতুন করে নির্ধারণ করে দিলেও তা পুনর্বিবেচনার দাবি রেখে ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন নৌযান শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 10:11 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

পুরনো খবর:

ফের ধর্মঘটে নৌযান শ্রমিকরা
শ্রমিক ধর্মঘটে ভোগান্তি নৌযাত্রীদের
যাত্রীবাহী লঞ্চের ধর্মঘট স্থগিত

তবে শ্রমিকদের নতুন বেতন স্কেলে দ্বিমত জানিয়ে নৌযান মালিকরা বলছেন, তাদের পক্ষে জাহাজ চালানো সম্ভব নয়।

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে আন্দোলরত নৌযান শ্রমিকরা মঙ্গলবার সচিবালয়ে নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে আট ঘণ্টার বৈঠক শেষে রাত ১০টায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। বৈঠকে নৌযান মালিকরাও ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, “আনন্দচিত্তে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলেও আমরা ‘খ’ ও ‘গ’ শ্রেণির বেতন গ্রহণ করে ‘ক’ শ্রেণির বেতনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি রেখে অন্য স্কেলের বিষয়ে সরকার ঘোষিত কমিটির মাধ্যমে নির্ধারণের আশাবাদ রেখে কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।”

এরপর নৌমন্ত্রী জানান, ‘ক’ শ্রেণির শ্রমিকদের মূল বেতন ১০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির সাড়ে ৯ হাজার এবং ‘গ’ শ্রেণির শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯ হাজার টাকা ঠিক হয়েছে।

“তবে এটা শ্রম মন্ত্রণালয় গঠিত একটি কমিটির পুনর্বিবেচনার সুযোগ থাকবে।”

মন্ত্রীর এই ঘোষণার পর বাংলাদেশ জাহাজ মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ বলেন, “আমাদের পক্ষে এই দাবি মানা সম্ভব না, আপনার (মন্ত্রী) এই ঘোষণার আমরা দ্বিমত পোষণ করছি।

“আপনারা সারাদিন একভাবে কথা বলে এখন এসে ঘুরিয়ে দিলেন। আপনাদের সঙ্গে কীভাবে আমরা কথা বলছি। এখানে কোনো রিজিওন নাই, লজিক নেই, গ্রাউন্ডও নেই। আমাদের পক্ষে জাহাজ চালানো সম্ভব না,” মাহবুব বলার পর সভাকক্ষ ছেড়ে যান নৌযান মালিক নেতারা।

বেলা ২টায় নৌযান মালিক-শ্রমিক নেতাদের নিয়ে সভা শুরু করেন নৌমন্ত্রী। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুও প্রথম কয়েক ঘণ্টা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

উভয় পক্ষকে নিয়ে বৈঠকে কোনো সুরাহা না হওয়ার সচিবের কক্ষে প্রথমে নৌযান মালিক ও পরে শ্রমিক নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন মন্ত্রী।

এরপর উভয় পক্ষকে নিয়ে হাসিমুখেই সম্মেলন কক্ষে আসেন মন্ত্রী। এ সময় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

এরপরেও কোনো সিদ্ধান্ত না আসতে পেরে রাত পৌনে ১০টার দিকে নৌমন্ত্রী বলেন, “আপনারাও (মালিক) মানবেন না তারাও (শ্রমিক) মানবেন না, আমরা যামু কই? মালিকও মানবে না, শ্রমিকও মানবে না, সরকার করবে কী?”

Image
নৌযান শ্রমিক ধর্মঘট শুরুর পর ঢাকার সদরঘাট এমন শূন্য হয়ে পড়েছিল

নৌযান শ্রমিক ধর্মঘট শুরুর পর ঢাকার সদরঘাট এমন শূন্য হয়ে পড়েছিল

এ সময় একজন শ্রমিক নেতা কথা বলতে গেলে মাইকে শব্দ হচ্ছিল না। একজন রসিকতা করে বলেন, “রাত ৯টার পরে মন্ত্রণালয়ে মাইক থাকে না।”

এটা শুনে পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান বলেন, “মাইকও রাগ করছে। মাইকও টায়ার্ড হয়ে গেছে।”

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, “আমরা আশা করেছিলাম আপনি (মন্ত্রী) অন্তত ন্যূনতমভাবে বাঁচার মতো একটি ঘোষণা দেবেন।… এই শিল্প চলার বিষয়টি বিবেচনায় এলেও মানুষ বাঁচার বিষয়টি (মন্ত্রীর ঘোষণায়) বিবেচনায় আসেনি।”

‘ক’ শ্রেণির শ্রমিকদের বেতন ১১ হাজার টাকা ঘোষণা করা হলে মেনে নেওয়া যেত, বলেন তিনি।

এরপর মন্ত্রী বলেন, শ্রম মন্ত্রণালয় একটি কমিটি করে বেতন পুনর্বিবেচনার বিষয়গুলো দেখবে।

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন গত ২০ এপ্রিল মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করে।

এরপর যাত্রীবাহী নৌযান ধর্মঘট গত ২২ এপ্রিল মধ্যরাতে স্থগিত হলেও মালবাহী নৌযানে ধর্মঘট চলছিল।

গত ২৩ এপ্রিল শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে নৌযান মালিক-শ্রমিকদের বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত ছাড়া তা শেষ হয়েছিল।