২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী লঞ্চের ধর্মঘট স্থগিত

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শুধু যাত্রীবাহী লঞ্চের জন্য স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 11:14 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

স্বাভাবিক হওয়ার অপেক্ষায় সদরঘাট
নৌ ধর্মঘটে ভোগান্তি, ক্ষতিতে আমদানিকারকরা

কর্মসূচির দ্বিতীয় দিন শেষে ‘যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে’ শুক্রবার রাত থেকে যাত্রীবাহী লঞ্চের ধর্মঘট স্থগিত করার কথা জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এইচএসসি পরীক্ষা, ইউপি নির্বাচন ও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আপাতত শুধু যাত্রীবাহী লঞ্চের জন্য ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

“তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তেল ও অন্যান্য পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।”

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে সারা দেশে নৌযান ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনে।  যাত্রীদের ভোগান্তির মধ্যে বৃহস্পতিবার বিকালে লঞ্চ চালানোর ঘোষণা দেয় মালিকপক্ষ।

সঙ্কট নিরসনে আলোচনা করতে লঞ্চ মালিক ও নৌযান শ্রমিকদের নিয়ে শনিবার বিকালে বৈঠকে ডেকেছে শ্রম মন্ত্রণালয়।

তবে এরই মধ্যে ধর্মঘটের দ্বিতীয় দিনে শুক্রবার সকাল থেকে কিছু কিছু লঞ্চ ছাড়তে শুরু করে মালিকপক্ষ; কমতে থাকে যাত্রীদের ভোগান্তি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (লঞ্চ মালিক সমিতি) জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান বাদল নৌযান শ্রমিকদের দাবিকে ‘অযোক্তিক’ আখ্যা দিয়ে লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

তিনি বলেন, “২০১৮ সালের আগে শ্রমিকরা বেতন বাড়ানোর কথা বলতেই পারেন না। কারণ ২০১৩ সালে এবং ১৪ সালে শ্রমিকদের বেতন প্রায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছে।”

এদিকে মালিক সমিতি ‘জোর করে’ শুধু সুকানি দিয়ে লঞ্চ চালাচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতির শাহ আলম ভূঁইয়া।

তিনি বলেন, “ওই সব লঞ্চে কোনো মাস্টার ও চালক নেই।”

তার এ দাবি নাকচ করে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ চন্দ্র শাহা বলেন, প্রত্যেক লঞ্চের মাস্টার ও চালকের নাম দেখেই ছাড়ার অনুমতি দেওয়া হয়।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান শুক্রবার বিকালে মাদারীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছিলেন, ধর্মঘটে যাওয়া শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

এরপর রাতে যাত্রীবাহী লঞ্চ ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে।