চাপাতি দিয়ে হত্যাকাণ্ডের সব খুনি গ্রেপ্তার, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
গত কয়েক বছরে চাপাতির আঘাতে যে সব হত্যাকাণ্ড ঘটেছে, সব ক্ষেত্রে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যায়িত করে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার পর সোমবার বিকালে সংসদে এক প্রশ্নের উত্তরে এই দাবি করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে কুপিয়ে হত্যার প্রসঙ্গ ধরে জাসদ সংসদ সদস্য নাজমুল হক প্রধান প্রশ্ন করেছিলেন- “চাপাতি বাহিনীর হাতে যে খুন হচ্ছে... রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন হলো। এই চাপাতি বাহিনীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?”
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যতগুলো খুন হয়েছে, সবগুলো তদন্ত করে হত্যাকারীদের আইডেন্টিফাই করেছে, গ্রেপ্তারও করা হয়েছে।
“চাপাতি দিয়ে খুন করে দেশকে অস্থিতিশীল করার বিশেষ ষড়যন্ত্র করছে। আমাদের গোয়েন্দারা তৎপর। আমরা সময় মতো এগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একথা বলার ঘণ্টাখানেকের মধ্যে রাজধানীর কলাবাগানে কুপিয়ে হত্যা করা হয় দুজনকে, যাদের মধ্যে জুলহাজ নামে একজন সমকামীদের অধিকার আদায় নিয়ে সোচ্চার ছিলেন।
এদিন সকালে গাজীপুরের কাশিমপুরে খুন করা হয় সাবেক এক কারারক্ষীকে।
আর দুদিন আগে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী। সাংস্কৃতিক সংগঠক হিসেবে তার বেশ পরিচিতি ছিল।
এছাড়া চলতি মাসের ছয় তারিখে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র নাজিমুদ্দিন সামাদকে, যিনি ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
ওই বছরই একই কায়দায় খুন হন দুই ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় ও অনন্ত বিজয় দাস। আর অভিজিৎ রায়ের বই প্রকাশের কারণে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে।
এর বাইরে একই কারণে এবং একই ধরনের হত্যার আরও কিছু ঘটনা থাকলেও ব্লগার রাজীব হায়দার ছাড়া কোনো ঘটনারই বিচার শুরু হয়নি।
আওয়ামী লগের পঙ্কজ নাথের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “এ সমস্ত হত্যাকাণ্ড ঘটার পরপরই আইএস নামক একটি জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করেছে। আমি সব সবয় দৃঢ়তার সাথে বলেছি আইএস নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব বাংলাদেশে নেই। এখানে যেটা আছে তা হলো আমাদের দেশের হোম গ্রোন কিছু জঙ্গি সংগঠন মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করার জন্য দেশি-বিদেশিদের হত্যা করছে। চেজারে তাভেল্লা, জুমার দিন নেভির মসজিদে আক্রমণ করা, শিয়া সমজিদে ঢুকে হত্যা করা- সবগুলোর পেছনে পরিকল্পনা রয়েছে।”
পরে পঙ্কজ নাথ ‘সাইট ইন্টেলিজেন্স’ এর খবর দেওয়াকে ষড়যন্ত্র উল্লেখ করে এর মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
মন্ত্রী বলেন, “আমরা সবগুলোকে চিহ্নিত করে সমস্ত জঙ্গিদের কিন্তু আমরা ধরেছি। সবাই স্বীকার করেছে তারা আইএস এর সাথে সম্পৃক্ত নয়। আমাদের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তরা এদের চিহ্নিত করছে। আমরা এদের ষড়যন্ত্র বানচাল করছি।
“আমরা মনে করি আমাদের জনগণ এসব কর্মকাণ্ড পছন্দ করেন না। জনগণ এই জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করেন না। এজন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে এসমস্ত ষড়যন্ত্র মোকাবিলায় সক্ষম হচ্ছি।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন হত্যার পর মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে খবর দেয় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
জবাবে মন্ত্রী আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপককে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দু’জন সন্দেহভাজককে ইতোমধ্যে আমাদের আইন শৃংখলা বাহিনী ধরেছেন। এটার তদন্ত চলছে। আমরা বিশ্বাস করি আমাদের নিরাপত্তা বাহিনী যথাযোগ্যভাবে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পারবে। কারা করেছে সেগুলো আমরা জানাতে পারব।”
