২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তনুর জন্য হরতাল

সোহাগী জাহান তনুর খুনি শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে সারা দেশে আধাবেলা হরতাল করেছে বাম ছাত্র সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 09:27 AM

Updated : 11 Oct 2022, 08:08 PM

পুরনো খবর:

আরিচা সড়কে অবরোধ, পুলিশের লাঠিপেটা

সোমবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত এই হরতালের প্রায় পুরো সময় শাহবাগ মোড় অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখেন হরতাল সমর্থকরা।

প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা এই হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে তাদের পিটিয়ে সরিয়ে দিয়ে অন্তত আটজনকে আটক করে পুলিশ।

এছাড়া সারা দেশে ৩০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট।

হরতাল শেষে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে হরতাল ডাকা ছাত্র সংগঠনগুলোর এই দুই মোর্চা।

কেন্দ্রীয়ভাবে ওইদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল বের হবে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এস এম ইমানুল ইসলাম জানান, হরতালের সমর্থনে প্রায় আড়াইশ শিক্ষার্থী সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাহবাগে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে চার রাস্তার কোনো দিকেই যান চলাচল করতে পারেনি।  

সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি শাহবাগ থেকে জানান, বিক্ষোভকারীরা হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তনু হত্যার বিচার দাবিতে ওই এলাকায় চলাচলকারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

শাহবাগ মোড়ে চারদিক থেকে রাস্তা বন্ধ ছিল। রূপসী বাংলা মোড় থেকে শাহবাগমুখী রাস্তায় অবরোধের শুরুতে এসে আটকে পড়া যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

১২টার দিকে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চলে যান হরতালকারীরা।

এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোট সমন্বয়ক আশরাফুল আলম সোহেল বলেন, “যারা নিরাপত্তা চান এবং সুস্থ পরিবেশে বেঁচে থাকতে চান তারা আমাদের হরতালে সমর্থন দিয়েছেন। আর শান্তিপূর্ণ হরতালে পুলিশি নিপীড়নের মাধ্যমে সরকার তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে।”

বরিশাল ও রংপুরে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা একযোগে হরতাল সমর্থকদের বিক্ষোভে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোহেল বলেন, “সরকার তনু হত্যার বিষয়টা ধামাচাপা দিতে চায়। গত ২০ মার্চে ঘটনার পর সারা দেশে এক মাসের অধিক সময় আন্দোলন-বিক্ষোভের পরও স্পষ্ট কোনো অগ্রগতি দেখতে পাইনি।”

“বরং ধামাচাপা দেওয়ার পথ শক্ত করতে তদন্তকে এক দপ্তর থেকে আরেক দপ্তর থেকে স্থানান্তর করা হয়েছে মাত্র।”

জয়পুরহাটে ৭ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন, লক্ষীপুরে ৮জন, গাজীপুরে ৮ জন, জামালপুর ও বগুড়ায় ১ জন করে নেতাকর্মী আটক করা হয়েছে বলে জানান ছাত্র ফেডারেশনের এই সাধারণ সম্পাদক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের সমর্থনে আমরা সকাল সাড়ে ৬টা থেকে শাহবাগ মোড়ে অবরোধ করি। শাহবাগ মোড় দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি।”

তবে হাসপাতালের রোগী ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

লিটন নন্দী বলেন, “তনু হত্যাকাণ্ডসহ সারা দেশে হত্যা ধর্ষণের ঘটনায় আমাদের এই হরতাল। এর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিককে হত্যার ঘটনাও যুক্ত করেছি আমরা।”

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনু গত ২০ মার্চ ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় খুন হন।

খুনি শনাক্ত না হওয়ায় এবং ময়না তদন্তে ধর্ষণের আলামত না পাওয়ায় ঘটনার সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে বাম ছাত্র সংগঠনগুলো গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ঘোষণা দেওয়া হয়।