বসুন্ধরায় নারীর বস্তাবন্দি গলাকাটা লাশ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর বস্তাবন্দি গলাকাটা লাশ পাওয়া গেছে।
শনিবার রাতে আবাসিক এলাকার দক্ষিণ দিকের বালুর মাঠে লাশটি পাওয়ার পর পুলিশ তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজ্জাম্মেল হক জানিয়েছেন।
ভাটারা থানার উপপরিদর্শক মো. আবদুল ওয়ারেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি কার, তা জানা যায়নি। নিখোঁজ কারও সন্ধানে কেউ থানায়ও আসেনি।”
হত্যার পর ওই নারীকে বালুর মাঠে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা ওয়ারেশ বলেন, শনিবার বিকালে মাঠে এক নারী ছাগল চরাতে গেলে তার সঙ্গে থাকা একটি কুকুর বস্তার কাছে গিয়ে ঘেউ ঘেউ করছিল।
“ওই নারী তখন বস্তা খুলে তাতে লাশ দেখে চিৎকার করে উঠলে স্থানীয়রা দেখে থানায় খবর দেয়।”
ওয়ারেশ বলেন, “লাশটি দেখে মনে হয়েছে কয়েকদিন আগে কয়েকজন ওই নারীকে হত্যার পর বস্তায় ভরে বসুন্ধরা আবাসিক এলাকার দক্ষিণ দিকে ওই বালুর মাঠে ফেলে যায়। ঘটনাস্থলে লোকজন কম চলাচল করে বলে খুনিরা ভেবেছিল হয়ত কেউ লাশটি খুঁজে পাবে না।”
লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ময়নাতদন্তের পাশাপাশি তার ডিএনএ সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ভাটারা থানার ওসি নুরুল মুত্তকিম বলেন, এই ঘটনায় খুন করে গুমের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
