সংসদের দশম অধিবেশন শুরু, চলবে ৫ মে পর্যন্ত
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন; চলবে ৫ মে পর্যন্ত।
রোববার বিকাল ৫টায় অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন।
স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- অধ্যাপক আলী আশরাফ, এবি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, ফখরুল ইমাম, সফুরা বেগম।
এরপর স্পিকার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সাবেক সংসদ সদস্য আর এ গণি, মো. মজিবর রহমান, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল, আবদুল মালেক, রফিকুল হোসেন, সিরাজুল ইসলাম ভুইয়া, সামসুল হুদা বাচ্চু, ফিরোজা জামান, এবং আতাউর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন।
এছাড়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ভারতের লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমা, মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও, জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ভাষাসৈনিক নাগিনা জোহা, একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ, মুক্তিযুদ্ধের সংগঠক শমসের আলম চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, দেশের প্রথম নিউরো সার্জন রশিদ উদ্দিন আহমদ, সাংবাদিক আলতাফ মাহমুদ, তেভাগা আন্দোলনের নেতা কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী, বরেণ্য সুরকার রবীন ঘোষ, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
পরে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৫ মে পর্যন্ত অধিবেশন চলার সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
তবে প্রয়োজনে স্পিকার সময় পরিবর্তন করতে পারবেন।
কমিটি সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এইচ এম এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।
