রানা প্লাজা: দ্রুত বিচার চায় বিজিএমইএ
রানা প্লাজা ধসের ঘটনায় হওয়া তিনটি মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
রোববার রানা প্লাজা ধসের তৃতীয় বার্ষিকীতে তিনি সাংবাদিকদের বলেন, “তিন বছর পার হয়েছে। বিচারের দীর্ঘসূত্রতা কারও কাম্য নয়। আমরাও বিচার দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।”
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন; প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করতে হয় আরও হাজারখানেক গার্মেন্ট শ্রমিককে।
ঘটনার দিনই সাভার থানায় দুটি মামলা হয়। পরের বছর দুর্নীতি দমন কমিশন দায়ের করে আরও একটি।
এর মধ্যে হত্যা ও ইমারত বিধির মামলা দুটি অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে। আর নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের অভিযোগে করা দুদকের মামলায় পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
বিশ্বকে নাড়া দেওয়া ওই ঘটনার বিচারে তিন বছরেও অগ্রগতি না হওয়ায় সমালোচনা এসেছে বিভিন্ন মহল থেকে।
রোববার জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের কবরে শ্রদ্ধা জানানোর পর মামলার নিষ্পত্তি ও ক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিজিএমইএ সভাপতি।
হতাহত শ্রমিক পরিবারগুলোকে ‘ঠিকভাবে’ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে দাবি করে সিদ্দিকুর রহমান বলেন, এখনও কেউ ক্ষতিপূরণ চাইলে তা মেটানোর ব্যবস্থা করা হবে।
রানা প্লাজা ধসের পর নিহতদের পরিবারের ‘দায়িত্ব নেওয়ার’ যে প্রকল্প বিজিএমইএ নিয়েছিল- সে বিষয়ে জানতে চাইলে সিদ্দিক বলেন, ওই প্রকল্পে ৫৮ জনের দেখভাল করছে বিজিএমইএ।
জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এদিন জুরাইনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিজিএমইএ সহসভাপতি এসএম মান্নান কচি ও মাহমুদ হাসান খান বাবু এ সময় উপস্থিত ছিলেন।
