২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-শ্রমিকদের বেতন বাড়াতে কমিটি গঠনের সিদ্ধান্ত

বেতন বাড়ানোসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট চলার মাঝে নৌযান শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 11:28 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

সংকটের সমাধানে শ্রম প্রতিমন্ত্রী মজিুবল হক চুন্নুর সঙ্গে নৌযান মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

শনিবার বিকাল ৫টায় শ্রম ভবনে এ বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৯টার দিকে শেষ হয়।

বৈঠক শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান সংস্থার (মালিক সমিতি) চেয়ারম্যান খন্দকার মাহবুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন বাড়ানোর বিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

“কমিটির প্রধান হবেন শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এছাড়া কমিটিতে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও থাকবেন।”

শ্রম প্রতিমন্ত্রী ওই কমিটিকে ১০ মে একটি প্রতিবেদন দিতে বলেছেন বলে জানান নৌযান মালিক সমিতির এই নেতা।

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে সারা দেশে নৌযান ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকদের দুটি সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনে।

এর মধ্যেই সঙ্কট নিরসনে আলোচনা করতে লঞ্চ মালিক ও নৌযান শ্রমিকদের নিয়ে শনিবার বিকালের এই বৈঠকে ডেকেছিল শ্রম মন্ত্রণালয়।

তবে কর্মসূচির দ্বিতীয় দিন শেষে শুক্রবার রাত থেকে ‘যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে’ শুধু যাত্রীবাহী লঞ্চের জন্য ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়ে কার্গো, কোস্টার ও মালবাহী জাহাজের ধর্মঘট চালানোর কথা জানান নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া।

বৈঠক থেকে যাত্রীবাহী লঞ্চ ছাড়া বাকি নৌযানের জন্য চলমান এই ধর্মঘটের বিষয়ে আগামী ২৪  ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে শ্রমিক নেতাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

পুরনো খবর:

যাত্রীবাহী লঞ্চের ধর্মঘট স্থগিত