২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অ্যালামনাইয়ের নতুন সভাপতি এ কে আজাদ

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 11:10 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

মহাসচিব হয়েছেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আবু সালেহ ৪০ সদস্যের এই কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

সোমবার নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব নিয়ে ২০১৯ সালের এপ্রিল পর‌্যন্ত দায়িত্ব পালন করবে।

‘সৌরভে গৌরবে শত বছরের দারপ্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সময় দায় মোচনের’- এই অঙ্গীকারের মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, বৈশাখি আড্ডা, নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি রকীবউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক  এ কে আজাদ চৌধুরী ও অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন।  

নবনির্বাচিত সভাপতি জনাব এ কে আজাদ বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবে।

ভবিষ্যতে সকল অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একত্রিত করার মধ্যদিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও কার্যকর হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মুনিরা খান (বানু) ও শাইখ সিরাজ।

কোষাধ্যক্ষ পদে দেওয়ান রাশিদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক পদে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছে।

যুগ্ম মহাসচিব হয়েছেন আশরাফুল হক মুকুল ও সৈয়দ আমিনুর রহমান।

বাবর আশরাফুল হক খান মোহাম্মদ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শেখ আব্দুস সালাম শিক্ষা ও লাইব্রেরি সম্পাদক, উম্মে বাতুল মাহ্মুদা খাতুন (মিনা) প্রচার ও জনসংযোগ সম্পাদক, মাহফুজা রহমান চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক ও গোপাল চন্দ্র দেবনাথ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন-  সেলিনা খালেক, এস এম বাহালুল মজনুন (চুন্নু), রেফাকাত হোসেন চৌধুরী (ফাহিম), শামসুজ্জামান দুদু, মোহাম্মদ নূর আলী, আলহাজ্ব মুহাম্মদ আজিজুর রহমান, বেনজির আহম্মেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী, আফজাল হোসেন, সুভাষ চন্দ্র সিংহ রয়, মোহাম্মদ ফরিদ উদ্দিন মোল্লা, প্রভাত চন্দ্র বিশ্বাস, নাসির উদ্দিন মাহমুদ, সালমা জাহান, আব্দুল কাইয়ুম লস্কর, কাজী মোয়াজ্জেম হোসেন, আব্দুল জলিল চৌধুরী, খাজা নারগিস হোসাইন, মোঃ শাহাজান, শিউলী আফসার,  তাপস চন্দ্র পাল, গাজী মুনিবুর রহমান বাচ্চু, শেখ সালাউদ্দিন আহম্মেদ, সৈয়দা মমতাজ শিরীন, শরিফুর রহমান, মুন্সী শামছুদ্দিন আহম্মেদ।