২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোহিনূরের সেই আইনজীবী কারাগারে

‘অর্থ আত্মসাতের’ অভিযোগে গ্রেপ্তার কোহিনূর কেমিকেলসের আইন বিভাগের কর্মকর্তা পলাশ কুমার রায়ের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 09:02 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শনিবার দুপুরের পর তাকে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে হাজির করা হয়।

জামিন শুনানির পর আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত বৃহস্পতিবার রাতে পলাশকে মনিপুরি পাড়ার এক বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ‌

শুক্রবার র‌্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কোহিনূর কেমিকেল কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে শুক্রবার রাতে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন করেন আইনজীবী নির্মল রায় চৌধুরী।

এসময় তিনি আদালতকে বলেন, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হলেও তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এক্ষেত্রে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নিয়ম মানা হয়নি বলে আদালতকে অবহিত করেন নির্মল।

“পলাশ কোম্পানির আইন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের প্রতিহিংসার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযাগ আনা হয়েছে তা ঠিক নয়। তাকে জামিন দেওয়া যেতে পারে।”

অন্যদিকে কোহিনূরের পক্ষে আইনজীবী আরিফুজ্জামান জামিনের বিরোধিতা করে বলেন, পলাশ টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল এবং কোম্পানিরে সুনাম নষ্ট করার জন্য এমডিসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল।

দুই পক্ষের বক্তব্য শোনার পর জামিনে আবেদন নাকচ করে পলাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান আদালত পুলিশ সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বরত কর্মকর্তা মোছাম্মত তাহেরা বেগম।

পুরনো খবর:

অর্থ আত্মসাতের অভিযোগে কোহিনূরের আইনজীবী গ্রেপ্তার