নবজাতক বিক্রির চেষ্টা, ঢাকায় ক্লিনিক মালিকসহ আটক ৪
নবজাতক বিক্রির খবর পেয়ে ঢাকার সবুজবাগের একটি ক্লিনিকের মালিকসহ চারজনকে আটক করেছে র্যাব।
শনিবার বেলা ১টার দিকে ‘তালুকদার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে তিনদিন বয়সী নবজাতককেও উদ্ধার করা হয় বলে র্যাব-৩ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোস্তাক আহমেদ জানিয়েছেন।
আটক ক্লিনিকমালিকের নাম আনোয়ারা আক্তার (৪২)।
অন্যদের নাম জানাতে পারেননি র্যাব কর্মকর্তা মোস্তাক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিঃসন্তান এক দম্পত্তি শিশুটিকে ৫০ হাজার টাকায় কিনতে হাসপাতালে যোগাযোগ করেছিলেন। পাশাপাশি তারা আমাদেরকেও জানিয়েছিলেন।
“এরপর হাসপাতালে অভিযান চালিয়ে চারজনকে আটক ও নবজাতকটিকে উদ্ধার করা হয়।”
নবজাতকের বাবা-মার পরিচয়ও জানাতে পারেননি তিনি।
